চায়ের উৎপাদন কমেছে
দেশে গত ২০০৯ সালের চেয়ে ২০১০ সালে চায়ের উৎপাদন প্রায় সোয়া আট লাখ কেজি কম হয়েছে। আবহাওয়ার প্রতিকূলতা, চা-গাছ বয়স্ক হয়ে যাওয়া এবং মাটির উর্বরতাশক্তি কমায় চায়ের উৎপাদন কমেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।জানা গেছে, ২০১০ সালে দেশে পাঁচ কোটি ৯১ লাখ ৭০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে, যা আগের ২০০৯ সালের পাঁচ কোটি ৯৯ লাখ ৯০ হাজার কেজির চেয়ে আট লাখ ২০ হাজার কেজি কম।বিভিন্ন চা-বাগানের মালিক ও শ্রমিকেরা জানান, ২০১০ সালের শুরুতে খরার প্রকোপ ছিল এবং পরবর্তী সময়ে সময়মতো প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়নি, যে কারণে প্রাকৃতিক বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল অধিকাংশ বাগানেই লক্ষ্যমাত্রা অনুযায়ী চায়ের উৎপাদন হয়নি। আবার যেসব বাগান কৃত্রিম সেচের ওপর নির্ভরশীল, সেগুলোতে পাহাড়ি ছড়া (খাল) বা ঝরনা শুকিয়ে যাওয়ার কারণে পানি দেওয়া যায়নি। এর ওপর জুলাই-আগস্ট মাসের দিকে কুয়াশা পড়ে।মালিক ও শ্রমিকেরা আরও জানান, খরার মতো কুয়াশার কারণে বাগানে লাল মাকড়সাসহ বিভিন্ন প্রকার কীটপতঙ্গের উপদ্রব বেড়ে যায়। অনেক বাগানে চা-গাছের বয়স বেশি হয়ে গেছে, কোথাও কোথাও তা ৫০ বছর বা এর কাছাকাছি হয়ে গেছে। এ ছাড়া ক্রমাগত সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির উর্বরতাও কমেছে। সব মিলিয়ে চায়ের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে।বাংলাদেশীয় চা সংসদের (বিটিবি) জুড়ী ভ্যালির সাবেক সভাপতি ও নিউ সমনভাগ চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজান আখন্দ প্রথম আলোকে বলেন, ‘চায়ের উৎপাদন কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। যেমন—খরা ও কুয়াশার কারণে মশা-মাকড়সার আক্রমণ, চা-গাছের বয়স বেশি হয়ে যাওয়া, মাটির উর্বরতাশক্তি কমা ইত্যাদি।বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) পরিচালক মুকুল জ্যোতি দত্ত গত বুধবার প্রথম আলোকে জানান, বছরজুড়ে খরাসহ আবহাওয়ার তারতম্যের কারণে চায়ের উৎপাদন কম হয়েছে।