চায়ের নিলাম বাজার অস্থির হয়ে উঠেছে
এক বছরের ব্যবধানে চট্টগ্রামে আন্তর্জাতিক নিলাম বাজারে চায়ের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এ সময়ে কেজিপ্রতি চায়ের গড় দাম বাড়ার হার প্রায় ৮৪ শতাংশ। চট্টগ্রামে চায়ের নিলাম বাজারের বিশ্লেষণ থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রোকার হাউস সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত ৩৪তম নিলামে চায়ের গড় দাম ছিল প্রায় ২৮৭ টাকা। আর গত মৌসুমের ৩৪তম নিলামে চায়ের গড় দাম ছিল কেজিপ্রতি ১৫৬ টাকা। অর্থাৎ, কেজিপ্রতি চায়ের দাম বেড়েছে ১৩১ টাকা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে গত মঙ্গলবারের আগে অনুষ্ঠিত তিনটি নিলামে। এই তিনটি নিলামে কেজিপ্রতি চায়ের গড় দাম বেড়েছে ৫০ টাকা। জানতে চাইলে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি আবদুল হাই চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, চায়ের চাহিদা বাড়লেও উৎপাদন সেই হারে বাড়ছে না। ফলে রপ্তানি পণ্য চা সামান্য পরিমাণে আমদানিও হয় গত কয়েক বছরে। এখন শুল্কহার বাড়ানোর কারণে সবাই নিলাম বাজার থেকেই চা কিনছেন। এই উচ্চ শুল্কের কারণে নিলাম বাজারে প্রভাব পড়েছে বলে তিনি মনে করেন। ব্রোকার হাউস সূত্রে আরও জানা গেছে, গত বছরের ২ মে এ মৌসুমের প্রথম নিলামে চায়ের গড় মূল্য ছিল প্রায় ১৯২ টাকা। এর মধ্যে বড় দানা চা গড়ে ১৯০ টাকা এবং গুঁড়া (ডাস্ট) চা গড়ে ২১০ টাকা দামে বিক্রি হয়।১ জানুয়ারি অনুষ্ঠিত ৩৪ নিলামে বড় দানা চা গড়ে ২৮৬ টাকা এবং গুঁড়া চা গড়ে ২৯৪ টাকায় বিক্রি হয়। সবচেয়ে ভালো মানের চায়ের দাম ৩০০ টাকাও ছাড়িয়ে যায়। গত মঙ্গলবার ৩৫তম নিলামে মান ও আকারভেদে চায়ের দাম আগের নিলামের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কম দর প্রস্তাব পাওয়া যায়।সূত্র জানায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক নিলামে প্রায় ১৭ লাখ ১৫ হাজার কেজি চা নিলামে ওঠে। এর মধ্যে দানাদার চা ছিল ১৪ লাখ ২৯ হাজার কেজি এবং গুঁড়া চা ছিল দুই লাখ ৮৬ হাজার কেজি। এই নিলামে চায়ের গড় দাম এখনো পাওয়া যায়নি। তবে সবচেয়ে ভালো মানের বড় দানা চায়ের দাম ওঠে ২৯৮ থেকে ৩০৪ টাকা পর্যন্ত। সবচেয়ে ভালো মানের ছোট দানা চায়ের দাম ওঠে ২৯৮ থেকে ৩০৮ টাকা পর্যন্ত। গত নিলামে কিছু চা অবিক্রীত থেকে গেলেও চাহিদার কমতি ছিল না। নিলাম বাজারে চায়ের দামের এই ঊর্ধ্বগতিতে প্রভাব পড়ছে খুচরা বাজারে। সবচেয়ে সস্তা পানীয়র দাম এখন হুহু করে বাড়ছে। গতকাল চায়ের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছরের ব্যবধানে চায়ের গড় দাম বেড়েছে কেজিপ্রতি ১০০ টাকার বেশি।