চিংড়ি রপ্তানি হচ্ছে না রাশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিংড়ি রপ্তানি হচ্ছে না রাশিয়ায়
চিংড়ি রপ্তানি হচ্ছে না রাশিয়ায়

বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি হওয়া প্রধান ১০টি দেশের একটি রাশিয়া। কিন্তু দেশটিতে এখন চিংড়ি রপ্তানি হচ্ছে না। গেল ডিসেম্বরে বাংলাদেশ থেকে একটি চিংড়িও রাশিয়ায় রপ্তানি হয়নি।
রপ্তানিকারকেরা বলছেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল না কেনার মতো কয়েকটি কারণে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের বড় ধরনের দরপতন ঘটেছে। গত বছরের জুন-জুলাইতে যেখানে ৩২ রুবলে এক ডলার পাওয়া যেত, ভয়াবহ দরপতনের কারণে এখন এক ডলার পেতে লাগে ৬৪-৬৫ রুবল।
মুদ্রার এই দরপতনের প্রভাবে পণ্য আমদানি করতে রাশিয়ার আমদানিকারকদের আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। সে কারণে তারা বিভিন্ন পণ্যের আমদানি কমিয়ে দিয়েছে। এর মধ্যে পড়ে গেছে বাংলাদেশের চিংড়িও। গলদা ও বাগদা দুই ধরনের চিংড়িই রাশিয়ায় রপ্তানি হয়। বাংলাদেশ থেকে সারা বিশ্বে যত চিংড়ি রপ্তানি হয়, তার প্রায় ৫ শতাংশ যায় রাশিয়ায়।
জানতে চাইলে চিংড়িশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মো. আমিন উল্লাহ প্রথম আলোকে জানান, এই অবস্থা চলতে থাকলে গত বছর রাশিয়ায় যত চিংড়ি রপ্তানি হয়েছে এবার তার চেয়ে ৫০ শতাংশ কম হতে পারে।
বাংলাদেশ থেকে মাত্র ছয়টি প্রতিষ্ঠান রাশিয়ায় চিংড়ি রপ্তানি করে। তার একটি এআরকে সি ফুডস লিমিটেড। আমিন উল্লাহ এর ব্যবস্থাপনা পরিচালক। িতনি বলেন, ‘আমি একটি চালানের জাহাজীকরণ করেছি অক্টোবরে, সেটা গিয়ে পৌঁছেছে নভেম্বরে। এর মধ্যে তাদের মুদ্রার আরও দরপতন ঘটনায় তারা লোকসানে পড়েছে। এসব কারণে চিংড়ি রপ্তানি কমে গেছে।’
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ দেশ থেকে ৩২ কোটি ৩৭ লাখ ডলারের চিংড়ি রপ্তানি হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৩০ শতাংশ কম। এই ছয় মাসে রাশিয়ায় ১ কোটি ৮৯ লাখ ডলারের চিংড়ি রপ্তানি হয়। আগের বছর এই সময়ে মোট রপ্তানি ছিল ৩৩ কোটি ১৩ লাখ ডলারের চিংড়ি।
রপ্তানিকারকেরা বলছেন, রাশিয়ার বাজারে চিংড়ি রপ্তানিতে ধস নামাই এই বছরের চিংড়ি রপ্তানি কমে যাওয়ার বড় কারণ।
এ বিষয়ে রপ্তানিকারক সমিতির সভাপতি আমিন উল্লাহ বলেন, রাশিয়ার কারণে এবার চিংড়ি রপ্তানির প্রবৃদ্ধি ভালো না। অন্যদিকে কয়েকটি দেশে চিংড়ি রপ্তানি বেড়ে গেছে। আশা করা যায়, সার্বিকভাবে চিংড়ির রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে না।
বাংলাদেশ থেকে কোনো দেশে চিংড়ি রপ্তানি করতে হলে রপ্তানিকারককে হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির কাছ থেকে রপ্তানি সনদ এবং মৎস্য অধিদপ্তর থেকে চিংড়ির স্বাস্থ্য সনদ নিতে হয়। তাই কখন, কতটুকু চিংড়ি রপ্তানি হয়েছে, সে তথ্য এই দুই সংগঠনের কাছে থাকে।
সংস্থা দুটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে এ দেশ থেকে কোনো চিংড়ির চালান রাশিয়ায় যায়নি। গত নভেম্বরে গেছে মাত্র তিনটি চালান। চট্টগ্রামের অ্যাপেক্স ফুডস এবং খুলনার ফ্রেশ ফুডস লিমিটেড এসব চিংড়ি রপ্তানি করে। এ থেকে আয় হয় ছয় লাখ ডলার। আর এসব চালানে মাত্র ছয় টন চিংড়ি রপ্তানি হয়। অথচ, নভেম্বর মাসে এ দেশ থেকে মোট চিংড়ি রপ্তানি হয়েছে ৩ হাজার ২৮৩ টন।
এর আগে অক্টোবরে রাশিয়ায় ১১টি চালানে চিংড়ি রপ্তানি হয়। এসব চালানে সাড়ে ২১ টন চিংড়ি রপ্তানি হয়, যা থেকে আয় হয় প্রায় ২৮ লাখ ডলার। অথচ, ওই মাসে দেশ থেকে মোট চিংড়ি রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৯৯ টন।
মৎস্য অধিদপ্তর ও রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, অক্টোবরে চট্টগ্রাম অঞ্চল থেকে দুটি প্রতিষ্ঠান (অ্যাপেক্স ও এআরকে) এবং খুলনা অঞ্চল থেকে শুধু সি ফুডস লিমিটেড চিংড়ি রপ্তানি করেছে।
ইপিবি বলছে, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী চিংড়ি রপ্তানি হয়েছে ৫০ কোটি ৯০ লাখ ডলারের। এর মধ্যে রাশিয়ায় রপ্তানি হয় ১ কোটি ৯৩ ডলারের। আগের অর্থবছরে ৪৩ কোটি ৮৬ লাখ ডলারের চিংড়ি রপ্তানি হয়। এর মধ্যে রাশিয়ায় গেছে ২ কোটি ৭৯ লাখ ডলার মূল্যের চিংড়ি।
রপ্তানিকারক সমিতি বলছে, এ দেশ থেকে ৫০টির বেশি প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে চিংড়ি রপ্তানি করে। রাশিয়ায় চিংড়ি রপ্তানি করতে হলে সে দেশের ভেটেরিনারি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয়। রপ্তানিকারক সমিতি সম্প্রতি এ দেশ থেকে আরও ১৪টি প্রতিষ্ঠানকে চিংড়ি রপ্তানির অনুমোদন দেওয়ার জন্য ওই কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো জবাব আসেনি।