চিংড়ির মান নিয়ন্ত্রণে বিলম্বের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী চিংড়ির মান নিয়ন্ত্রণের নামে খুলনা মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ বিভাগ ‘অহেতুক’ বিলম্ব ঘটাচ্ছে এবং অধিক হারে লট বাতিল করছে। এতে খুলনাঞ্চল থেকে চিংড়ি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছে এখানকার কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। তবে এই অভিযোগ অস্বীকার করে মান নিয়ন্ত্রণ বিভাগ বলেছে, পরীক্ষাগারে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে মাইক্রোবায়োলজিক্যাল বা অণুজীব পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এতে ত্রুটি ধরা পড়লে লট বাতিল হয়ে যায়। এখানে কোনো প্রকার অনিয়ম বা অহেতুক বিলম্ব ঘটানোর সুযোগ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রপ্তানিকারক অভিযোগ করেন, মান নিয়ন্ত্রণ বিভাগের পর্যাপ্ত যন্ত্রপাতি ও লোকবল নেই। এর ওপর পরীক্ষাগার থেকে পুরোনো কর্মকর্তাদের সরিয়ে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই চিংড়িতে অণুজীব পরীক্ষা করতে বিলম্ব ঘটাচ্ছেন এবং নানা রকম ত্রুটির অজুহাত দেখিয়ে ব্যাপক হারে রপ্তানির লট বাতিল করছেন। রপ্তানিকারকেরা আরও বলেন, রপ্তানি আদেশ পাওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যেই চিংড়ি বিদেশে পাঠাতে হয়। অথচ মান নিয়ন্ত্রণ বিভাগ থেকে চিংড়ির মান পরীক্ষা করিয়ে সনদ পেতে এক থেকে দুই মাস সময় লাগে। বর্তমান ভরা মৌসুমেও এই প্রবণতা অব্যাহত থাকলে বিদেশিদের সঙ্গে চুক্তি অনুযায়ী মাছ রপ্তানি করতে না পেরে কোম্পানিগুলো বড় ধরনের লোকসানে পড়বে।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক মো. আবদুর রাশেদ প্রথম আলোকে বলেন, ‘আগে বড় বড় কোম্পানির লট বাতিল হতো না। কেন হতো না, তা আমি বলব না।’ তিনি বলেন, ‘মান নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। ফলে বর্তমানে পরীক্ষাগারের দায়িত্বরতদের কোনোভাবেই কেনা সম্ভব হচ্ছে না। তাই পরীক্ষা করে চিংড়িতে কোনো ক্ষতিকারক দিক ধরা পড়লে তাতে কিছুই করার থাকে না।’ আবদুর রাশেদ দাবি করেন, মাত্র পাঁচ দিনের মধ্যে লটের পরীক্ষা শেষ হয়। ব্যক্তিস্বার্থে আঘাত লাগার কারণে মিথ্যা অভিযোগ এনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ছাড়া পরীক্ষাগারে বর্তমানে সর্বাধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং লোকবলেরও কোনো সংকট নেই। বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি কাজী বেলায়েত হোসেন বলেন, মান নিয়ন্ত্রণ বিভাগ চিংড়ির লট নিয়ে সঙ্গে সঙ্গেই পরীক্ষাগারে দিচ্ছে কি না বা যে ফ্রিজে রাখা হচ্ছে, সেখানে কনটামিনেশন (দূষণ) হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে কাজী বেলায়েত বৈদেশিক মুদ্রা উপার্জনকারী এই শিল্পের সমস্যা কাটিয়ে উঠতে সব পক্ষকে একযোগে কাজ করার অনুরোধ জানান।