চিংড়িশ্রমিকেরা অসন্তুষ্ট, তবুও মেনে নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়িশিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ৪ হাজার ৪১৯ টাকা; যা এখনকার সর্বনিম্ন মজুরি ২ হাজার ৭১২ টাকার চেয়ে ১ হাজার ৭০৭ টাকা বেশি।

চিংড়িশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ড নতুন মজুরিকাঠামোর একটি খসড়া সুপারিশ তৈরি করেছে। এতে মালিক ও শ্রমিক—উভয় পক্ষ সম্মত হওয়ায় খসড়াটি এখন প্রায় চূড়ান্ত। এতে চিংড়িশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির সুপারিশ করা হয়েছে।

তবে মজুরি বোর্ডে থাকা শ্রমিকপক্ষের প্রতিনিধি আজাদুর রহমান খসড়া সুপারিশে সম্মত হলেও শ্রমিকেরা এ মজুরিতে খুশি নন। কারণ, কোনো কোনো গ্রেডে শ্রমিকেরা এখন যে মজুরি পান, তার চেয়েও কম মজুরির সুপারিশ করেছে বোর্ড।

জানতে চাইলে আজাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই সুপারিশে খুব একটা লাভ হয়নি। শ্রমিকেরা এতে খুশি নন। কিন্তু শ্রমিকদের মধ্যে চাকরি চলে যাওয়ার আতঙ্ক থাকে। তাই শ্রমিকেরা এটা মেনে নিয়েছেন।’

চিংড়িশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মো. আমিন উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের শ্রমিকদের জন্য যে সুপারিশ করা হয়েছে, তা পোশাক খাতের ন্যূনতম মজুরি ও সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন অনুযায়ী ঠিকই আছে।’

চিংড়িশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত বছরের ১৩ আগস্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর বেশ কয়েকটি বৈঠক করে বোর্ড। ১৫ জানুয়ারি বোর্ডের সভায় ন্যূনতম মজুরিকাঠামোর খসড়া চূড়ান্ত করা হয়। খসড়াটি এখন শ্রম মন্ত্রণালয় প্রকাশ করবে এবং কারও আপত্তি আছে কি না, তা জানাতে ১৫ দিন সময় দেবে। কোনো আপত্তি থাকলে আবার বোর্ড বসবে। না হলে এটাই গেজেট আকারে প্রকাশিত হবে।

এর আগে ২০০৯ সালের ২৫ নভেম্বর এ খাতের শ্রমিকদের জন্য প্রথম ২ হাজার ৬৪৫ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়।

চিংড়িশ্রমিকেরা এত দিন সাতটি গ্রেডে মজুরি পেতেন। তবে এবারে ছয় গ্রেডে মজুরির সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী সর্বনিম্ন মজুরি (গ্রেড-৬) হতে যাচ্ছে ৪ হাজার ৪১৯ টাকা। এর মধ্যে মূল মজুরি ২ হাজার ৯৪০ টাকা। আর বাড়িভাড়া ১ হাজার ২৯ টাকা।

সবচেয়ে বেশি মজুরি পাওয়া গ্রেড-১ পদের শ্রমিকের মোট মজুরি হতে যাচ্ছে ৯ হাজার ৯ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার ৩৪০ টাকা। বাড়িভাড়া ২ হাজার ২১৯ টাকা।

সুপারিশ অনুযায়ী, দ্বিতীয় সারির শ্রমিকের (গ্রেড-২) মোট মজুরি হবে ৭ হাজার ১১ টাকা। তাঁদের মূল মজুরি ৪ হাজার ৮৬০ টাকা। বাড়িভাড়া ১ হাজার ৭০১ টাকা। আর গ্রেড-৩ শ্রমিকের মজুরি হবে ৬ হাজার ১২ টাকা। এতে মূল মজুরি চার হাজার ১২০। বাড়িভাড়া ১ হাজার ৪৪২ টাকা।

চিংড়িশ্রমিকেরা জানান, বর্তমানে গ্রেড-১ পদের শ্রমিকেরা ১৬ হাজার টাকা পর্যন্ত মজুরি পান। গ্রেড-২ পদের শ্রমিকেরা মজুরি পান ১০ হাজার টাকা ও গ্রেড-৩ পদের শ্রমিকেরা আট হাজার টাকা পর্যন্ত।

গ্রেডের বাইরে শিক্ষান​িবশ শ্রমিকের মজুরি সুপারিশ করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা।

অবশ্য মজুরি বোর্ড বলেছে, শ্রমিকেরা এখন যে যত বেতন পাচ্ছেন, তা কমানো যাবে না। মালিক চাইলে শ্রমিক-কর্মচারীকে সুপারিশের চেয়েও বেশি মজুরি দিতে পারবেন। তবে সর্বনিম্ন মজুরির কম দিতে পারবে না। আবার যে শ্রমিক যে গ্রেডে আছেন, তাঁকে সেভাবেই নতুন মজুরি দিতে হবে। কোনোভাবেই নিচের গ্রেডে নামানো যাবে না।

বাংলাদেশ হিমায়িত খাদ্য সমিতির তথ্য অনুযায়ী, দেশে ১৬৬টি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে। এতে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।

মজুরি বোর্ড চিংড়িশিল্পে কর্মরত কর্মচারীদের নিম্নতম মজুরির সুপারিশও করেছে। এ ক্ষেত্রে গ্রেড চারটি। কর্মচারীদের ন্যূনতম মজুরি হবে ৫ হাজার ১৩ টাকা। আর শিক্ষানিবশ কর্মচারীর মজুরি হবে ৩ হাজার ৮০০ টাকা।

শ্রমিকদের পদবিন্যাস: গ্রেড-১: ফোরম্যান; প্রডাকশন ও কোয়ালিটি ইনচার্জ। গ্রেড-২: সহকারী ফোরম্যান, জ্যেষ্ঠ প্রডাকশন সুপারভাইজার, জেনারেল স্টোর; শিফট, রিসিভ ও হিমাগার ইনচার্জ। গ্রেড-৩: গ্রেডার ইনচার্জ; কিউসি, জ্যেষ্ঠ ও বয়লার অপারেটর, ইলেকট্রিশিয়ান; রিসিভ, প্রডাকশন, আইকিউএফ ও হিমাগার সুপারভাইজার। গ্রেড-৪: গ্রেডার, আরসিম্যান, সিলিংম্যান সহকারী ইলেকট্রিশিয়ান; মেশিন, সহকারী ও আইকিউএফ মেশিন অপারেটর; গ্রেড, গ্লেজ ও প্যানিং চেকার। গ্রেড-৫: স্কেলম্যান, ওয়েলডার, প্লাম্বার, সহকারী প্রডাকশন সুপারভাইজার, জ্যেষ্ঠ প্যানার, হিমাগার শ্রমিক। গ্রেড-৬: প্যানার ওয়ার্কার, ওয়াশম্যান, মেশিন হেলপার, সহকারী স্কেলম্যান, সহকারী ওয়েলডার, আইস ক্রাশম্যান, বেল্ট ওয়ার্কার, মেটাল চেকার, প্যাকিং শ্রমিক; পিলিং ও ডিহেডিং ওয়ার্কার এবং ক্লিনার।

কর্মচারীদের পদবিন্যাস: গ্রেড-১: হিসাবরক্ষক, অফিস সুপারিটেনডেন্ট, হেড ক্লার্ক, জ্যেষ্ঠ কম্পিউটার অপারেটর, পার্চেজার, কমার্শিয়াল সমন্বয়ক। গ্রেড-২: উচ্চমান সহকারী, সহকারী হিসাবরক্ষক, ল্যাব টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, টেলিফোন অপারেটর, ক্যাশিয়ার ও অভ্যর্থনাকারী। গ্রেড-৩: ড্রাইভার, অফিস সহকারী ও ইমাম। গ্রেড-৪: শিশু কেয়ারটেকার, বাবুর্চি, লন্ড্রিম্যান, বোটম্যান, ট্রাক হেলপার, মালি, সিকিউরিটি গার্ড, পিয়ন ও ঝাড়ুদার।