চিংড়ি রপ্তানিতে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর খুলনা অঞ্চল থেকে আশঙ্কাজনক হারে চিংড়ি চাষ সংকুচিত হয়ে আসছে, যে কারণে রপ্তানিতে বিপর্যয় দেখা দিয়েছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এক হাজার ৪৫৪ কোটি নয় লাখ টাকার চিংড়ি রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল এক হাজার ৯৪৮ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ আগের অর্থবছরের জুলাই-মার্চের তুলনায় এবার একই সময়ে রপ্তানি কমেছে ৪৯৫ কোটি ৬১ লাখ টাকা। মৎস্য অধিদপ্তরের খুলনা কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নিষেধাজ্ঞা থাকায় আলোচ্য সময়ে ১৮ কোটি ৬৬ লাখ টাকার ইলিশ রপ্তানি হয়েছে, যা গত বছরের ২০৬ কোটি ৮৭ লাখ টাকার চেয়ে ১৮৮ কোটি ২১ লাখ টাকা কম। ঘের মালিক, চাষি ও রপ্তানিকারক ব্যবসায়ীরা জানান, কিছু বেসরকারি সংস্থার নেতিবাচক প্রচারণা, স্থানীয় জনপ্রতিনিধিদের চিংড়ি চাষবিরোধী মনোভাব, ঘূর্ণিঝড় সিডর-আইলায় ঘেরের বেড়িবাঁধ ভেঙে যাওয়া, পানি উন্নয়ন বোর্ডের মামলাসহ বেশ কিছু কারণে চিংড়ির উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। এর ওপর বিশ্ব অর্থনৈতিক মন্দায় চাহিদা কমায় চিংড়ি রপ্তানিতে ধস নেমেছে। খুলনার দাকোপ উপজেলার চিংড়ি ব্যবসায়ী শেখ ফজলুর রহমান প্রথম আলোকে জানান, পানি উন্নয়ন বোর্ড গত মৌসুমে লোনা পানি তোলা ও বাঁধ কাটার দায়ে কয়েক শ লোকের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করেছে। আর এ মামলায় গ্রেপ্তার হলে তিন মাসের মধ্যে কেউ জামিন পান না বলে অনেকেই চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) মো. আবদুর রশিদও চিংড়িচাষিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয় বলে জানান। তিনি আরও বলেন, অবকাঠামোগত দুর্বলতা, আধুনিক পদ্ধতি প্রয়োগের অভাব, চিংড়ির খাদ্যের যথাযথ ব্যবস্থা না থাকা এবং অনেক নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় চিংড়ি চাষ কমে গেছে। এর বিরূপ প্রভাব পড়ছে রপ্তানিতে।এদিকে বিদ্যমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। মো. আবদুর রশিদ জানান, ইতিমধ্যে উপকূলীয় এলাকায় এক লাখ ৭২ হাজার হেক্টর জমিকে বিশেষ চিংড়ি জোন ঘোষণা করাসহ পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাউবোর করা মামলাগুলোও মন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত করা হয়েছে। এতে চিংড়ি চাষ উৎসাহিত হবে বলে তিনি আশা করেন। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সাবেক সহসভাপতি শেখ আবদুল বাকী বলেন, এ খাতকে গতিশীল করতে সমিতির উদ্যোগে বিশেষজ্ঞদের নিয়ে একটি সেল গঠন করে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে উৎপাদন বাড়ানোর কৌশল শেখানো হচ্ছে।