চিংড়ি রপ্তানিতে ল্যাব পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নেবে ইইউ
বাংলাদেশের চিংড়ি রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃপক্ষ অচিরেই ২০ শতাংশ বাধ্যতামূলক ল্যাব টেস্ট বিধান প্রত্যাহার করতে পারে। সফরকারী ইউরোপভিত্তিক সি ফুড এক্সপোর্টার্স অ্যান্ড প্রসেসর অ্যালায়েন্সের (সিপা) প্রেসিডেন্ট ড. জন কোয়াকম্যান এ তথ্য জানিয়েছেন।গত মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানি- কারক সমিতি (বিএফএফইএ) কর্তৃক সিপা প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক মো. মাহবুবুর রহমান খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, বিএফএফইএর সভাপতি কাজী শাহনেওয়াজ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিএফএফইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সিপার প্রেসিডেন্ট কোয়াকম্যান বলেন, গত মার্চে এক সপ্তাহব্যাপী ইইউয়ের পরিদর্শক দলের বাংলাদেশ সফরের ফলাফল অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং বাংলাদেশ সরকার ও এখানকার চিংড়িশিল্পে নিয়োজিত বিভিন্ন উপখাতের ব্যাপক কর্মকাণ্ডে তারা সন্তোষ প্রকাশ করেছে।মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান খোন্দকার জানান, ইইউর পরিদর্শক দল মার্চেবাংলাদেশ পরিদর্শনের পর চূড়ান্ত প্রতিবেদনে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছে, যা বাংলাদেশের চিংড়িশিল্পের সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে।বিএফএফইএর সভাপতি কাজী শাহনেওয়াজ বলেন, দেশের চিংড়িশিল্পের মানোন্নয়নে অবিরাম চেষ্টার ফলে এখন দেশের চিংড়ির গ্রহণযোগ্যতা আন্ত-র্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে। ফলে চলতি বছর রপ্তানির পরিমাণ অনেক বেড়েছে। ইতিমধ্যে প্রচুর অর্থ ব্যয়ে সরকারের মৎস্য বিভাগের মান নিয়ন্ত্রণ শাখা আধুনিকায়ন করা হয়েছে। এ ছাড়া চিংড়িশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগের তুলনায় অনেক বেশি সচেতন।উল্লেখ্য, চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম ১১ মাসে হিমায়িত খাদ্য রপ্তানি করে আয় হয়েছে প্রায় ৫৭ কোটি ৫০ লাখ ডলার, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। বর্তমানে ইউরোপে হিমায়িত খাদ্যপণ্যের প্রায় ৫০ শতাংশ রপ্তানি হয়ে থাকে।