চিংড়িসহ সাদা মাছ রপ্তানি ব্যাপক হারে কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খুলনা থেকে চিংড়ি ও সাদা মাছ রপ্তানি ব্যাপক হারে কমেছে।সংশ্লিষ্ট সরকারি সংস্থার তথ্য অনুযায়ী, আলোচ্য তিন মাসে মোট ৫৫৮ কোটি ৫২ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ রপ্তানি হয়েছে, যা এর আগের ২০১১-১২ অর্থবছরের ৮৩৭ কোটি টাকার রপ্তানির চেয়ে ২৭৮ কোটি ৪০ লাখ টাকা কম।বিশ্ব অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়া, উৎপাদনে নানাবিধ সমস্যা এবং ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকার কারণে খুলনার মাছ রপ্তানিতে ধস নেমেছে বলে ব্যবসায়ী ও চাষিরা মনে করেন। এ ছাড়া আরও কিছু কারণ উল্লেখ করেন তাঁরা। সেগুলো হচ্ছে: বিভিন্ন এনজিওর নানা ধরনের প্রচারণা, উপকূল এলাকায় লোনাপানিবিরোধী আন্দোলন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘বিশেষ আইনে’ মামলা দায়েরের কারণে অনেকেই রপ্তানিমুখী প্রধান মাছ চিংড়ি চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।যেসব সাদা মাছ রপ্তানি হয়ে থাকে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পারশে, ভেটকি, বাইন, টেংরা ইত্যাদি। ইলিশ রপ্তানির ওপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে।বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সহসভাপতি শেখ আবদুল বাকি প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে বাগদা চিংড়ির দাম ৩০-৪০ শতাংশ কমে যাওয়ায় চলতি বছরে এই খাতে রপ্তানি ব্যাহত হয়েছে।’ তিনি চিংড়িসহ সাদা মাছ রপ্তানিতে যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলোর সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানান।খুলনার পাইকগাছা উপজেলার চিংড়ি ব্যবসায়ী ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড চলতি মৌসুমে লোনাপানি তোলা ও বাঁধ কাটার দায়ে কয়েক শ লোকের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করেছে। এ মামলায় গ্রেপ্তার হলে তিন মাসের মধ্যে কেউ জামিন পায় না। এ জন্য ঘের ব্যবসায়ীরা চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে উৎপাদন ও রপ্তানি কমে গেছে।’ রপ্তানিকারক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারি নিষেধাজ্ঞার কারণে স্থানীয় বাজারে ইলিশের সরবরাহ বাড়েনি। কারণ সাগর থেকেই চোরাইপথে এই মাছ ভারতে পাচার হয়ে যাচ্ছে। যে কারণে সাধারণ জনগণও যেমন সুফল পায়নি, তেমনি রপ্তানি-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘উপকূলীয় এলাকায় চিংড়ি চাষে অবকাঠামোগত সমস্যা, সঠিক প্রশিক্ষণের অভাব ও খাবার ব্যবস্থাপনায় দুর্বলতাসহ নানামুখী সংকটে চিংড়ির উৎপাদন কমে যাচ্ছে।’আবদুর রশিদ আরও জানান, পাউবোর সঙ্গে চিংড়িচাষিদের মামলা নিষ্পত্তির জন্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। ঈদের ছুটির পর পরই ওই কমিটি খুলনায় আসবে এবং মামলা নিষ্পত্তির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবে। এতে উপকূলীয় এলাকায় চিংড়ি চাষে সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করা সম্ভব হবে। এ ছাড়া চিংড়িচাষিদের পরিবেশবান্ধব চাষের জন্য প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।