চিকিৎসকদের জন্য এসএএফের করোনা বুথ স্থাপন

কোভিড-১৯ উপসর্গধারী চিকিৎসকদের নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বুথ স্থাপন করা হয়েছে। এই বুথে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চিকিৎসকদের নমুনা নেওয়া হবে।
মঙ্গলবার সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের (বিএমএ) যৌথ উদ্যোগে হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এই বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের পাশাপাশি রাজধানী ঢাকাতেও করোনা উপসর্গ ব্যক্তিদের বিনা মূল্যে নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছে এসএএফ। এর পাশাপাশি আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করে থাকেন এই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।
ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাঁর ফাউন্ডেশন। এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের ঘরে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি রান্না করা খাবার দেওয়া হচ্ছে প্রান্তিক মানুষদের। এ ছাড়া লকডাউনের কারণে উপার্জনহীনদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ এই সংকট মোকাবিলায় সম্মুখসারিতে কর্মরত পেশাজীবীদের নিরাপত্তা সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দেওয়া হয়।
নমুনা সংগ্রহের বুথ স্থাপন করায় এসএএফকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘এই বুথে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চিকিৎসকদের নমুনা সংগ্রহ করা হবে।’
বুথ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএমএর সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ শামীম হাসান প্রমুখ।