চিকিৎসকেরা কর বিভাগের আতশি কাচেরনিচে

কর কর্মকর্তাদের আতশি কাচের নিচে থাকবেন চিকিৎসকেরা। কর দেন কোন কোন চিকিৎসক, আর কারা দেন না—সবাই নজরদারিতে থাকবেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কর শনাক্তকরণ সংখ্যাধারী (টিআইএন) চিকিৎসকদের রোগী দেখার বিপরীতে নেওয়া ফির ওপর ১০ শতাংশ উৎসে কর দিতে হবে। তবে টিআইএন নেই এমন চিকিৎসকদের এ ধরনের আয়ের ওপর ১৫ শতাংশ উৎসে কর কেটে রাখা হবে।
প্রস্তাবিত বাজেটে আয়কর অধ্যাদেশের ৫২/এ ধারা সংশোধন করে এই পদক্ষেপ নেওয়া হলো। এনবিআর সূত্রে জানা গেছে, কর আদায়ের চেয়ে করজালের বাইরে থাকা চিকিৎসকদের চিহ্নিত করাই বাজেটের মূল উদ্দেশ্য।
এত দিন টিআইএন থাকুক আর না থাকুক, চিকিৎসকদের রোগী দেখার ফির ওপর মোটা দাগে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হতো। সাধারণত অনেক চিকিৎসকই একাধিক হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। এই সেবার বিপরীতে আয়কর বিভাগকে প্রতিষ্ঠানগুলোর প্রদেয় অর্থের ওপর নতুন হারে উৎসে কর আরোপের প্রস্তাব করা হয়েছে।
এদিকে আয়কর অধ্যাদেশ অনুযায়ী, হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে উৎসে কর কেটে রেখে চিকিৎসকের ফি বাবদ প্রাপ্য অর্থ চেকের মাধ্যমে দিতে হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, এ ধরনের আয়ের বিপরীতে উৎসে কর কাটার সময়েই চিহ্নিত করা যাবে কে টিআইএনধারী আর কে টিআইএনবিহীন চিকিৎসক। এর ফলে সহজেই চিকিৎসকদের কর ফাঁকি চিহ্নিত করা যাবে।
অভিযোগ রয়েছে, বহু চিকিৎসকই তাঁদের বার্ষিক আয়কর বিবরণীতে প্রকৃত আয় গোপন করে থাকেন। বিশেষ করে রোগী দেখা বাবদ প্রাপ্ত অর্থই তাঁরা বার্ষিক আয়কর বিবরণীতে গোপন করেন।
আয়কর অধ্যাদেশের ৫২/এ ধারা সংশোধনের মাধ্যমে যেকোনো পেশাগত ও কারিগরি সেবার ফি থেকে একইভাবে উৎসে কর কাটার বিধান পুনর্বিন্যাস করা হয়েছে। এর মানে হলো, যেকোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বাইরের কোনো পেশাগত ও কারিগরি সেবা গ্রহণ করে অর্থ পরিশোধকালে টিআইএনধারীর বিপরীতে ১০ শতাংশ ও টিআইএন নেই এমন চিকিৎসকদের কাছ থেকে ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখবে।