চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিকিৎসাপণ্যের প্রদর্শনী। এতে বিশ্বের ১৯টি দেশ থেকে ৯০টি কোম্পানি অংশগ্রহণ করছে। দর্শনার্থীরা প্রদর্শনীতে চিকিৎসাবিষয়ক প্রায় সব উপকরণ, রোগ পরীক্ষার যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং ওষুধশিল্পের উপকরণ দেখতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য-পর্যটনের বিভিন্ন সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে কয়েকটি কোম্পানি।
প্রদর্শনীটির আয়োজন করেছে আন্তর্জাতিক আয়োজক সংস্থা কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। সংস্থাটি সেমস্ গ্লোবাল নামে পরিচিত। গতকাল বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির ও ভারতের অক্সিমেড হাসপাতালের চেয়ারম্যান আইয়াজ আকবর উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি মূলত চারটি মেলার সমন্বয়। এগুলো হলো ‘৯ম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৬’, ‘২য় বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০১৬’, ‘ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিস এক্সপো ২০১৬’ ও ‘৫ম ফার্মা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৬’।
প্রদর্শনীতে প্রায় ২০০টি স্টল আছে। আয়োজকেরা বলছে প্রদর্শনীটি ভোক্তা, দর্শক ও উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী মঞ্চ। সেখানে তারা কার্যকর যোগাযোগের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে। দর্শনার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলাপচারিতার মাধ্যমে আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে একটি সেতুবন্ধ গড়ে উঠবে।
বাংলাদেশ সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে উল্লেখ করে আয়োজকেরা বলেন, ‘ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিস এক্সপো’ বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য একটি যুগোপযোগী উদ্যোগ। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে পর্যটকেরা বাংলাদেশ আসতে উৎসাহিত হবে। অদূরভবিষ্যতে স্বাস্থ্যসেবা নিতেই অনেকে বাংলাদেশ আসবে।
প্রদর্শনীর প্লাটিনাম স্পনসর অক্সিমেড হসপিটাল। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।