কেমন বাজেট চাই
চিকিৎসায় বিশেষ বরাদ্দ দরকার
আগামী ৩ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণার দিন চূড়ান্ত করা হয়েছে। করোনাকালের দ্বিতীয় বাজেট এটি। করোনায় বিপর্যস্ত অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য, কমেছে কর্মসংস্থান। করোনার ধাক্কায় স্বাস্থ্য খাতও রুগ্ণ। এত সব সমস্যা সমাধানের পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ এবারের বাজেটে। ব্যবসায়ীরাও তাঁদের ব্যবসা টিকিয়ে রাখতে চেয়ে আছেন অর্থমন্ত্রীর নতুন বাজেটের দিকে। অর্থনীতিবিদেরা বলছেন, প্রবৃদ্ধি নয়, বাজেট হতে হবে সামগ্রিক উন্নয়নের। আগামী বাজেট কেমন হওয়া চাই—এ নিয়ে কথা বলেছেন নতুন উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার ও নারী উদ্যোক্তারা।
আগামী ২০২১–২২ অর্থবছরের বাজেটে করোনার চিকিৎসায় বড় অঙ্কের বিশেষ বরাদ্দ রাখা দরকার। কারণ, এবার করোনার টিকা ক্রয় ও চিকিৎসাসেবার পাশাপাশি করোনা পরীক্ষাসহ রোগনির্ণয়ে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হবে। আর এই খাতে বড় বাজেট দিলে দেশের গরিব ও মধ্যবিত্তরা রাষ্ট্রীয় টাকায় করোনা সংকটের প্রভাব থেকে রেহাই পাওয়ার সুযোগ পাবেন।
মনে রাখতে হবে, বেসরকারি হাসপাতালে ভর্তি হলে মধ্যবিত্তের পকেট থেকে বহু টাকা চলে যায়। তাঁদের বাধ্যতামূলকভাবে হাসপাতালের নানা ধরনের প্যাকেজ মেনে নিতে হয়। এই মুহূর্তে অনেকের এত টাকা খরচ করার সামর্থ্য নেই। করোনায় আক্রান্ত হয়ে একবার হাসপাতালে গেলে মধ্যবিত্তদের অনেকেই গরিব হয়ে যান।
করোনা সংকট মোকাবিলায় এই মুহূর্তে ব্যাপক হারে পরীক্ষা আর আইসোলেশন (নিজেকে বিচ্ছিন্ন রাখা) দরকার। করোনা পজিটিভ হলে সবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয় না। তাঁদের স্বাভাবিক নিয়ম মেনে চলা ও কিছু ওষুধপথ্য সেবনের পাশাপাশি আইসোলেশনে থাকাই যথেষ্ট। দেশের প্রায় সব হাসপাতালের আশপাশেই স্কুল আছে। দেশের স্কুলগুলো এখন বন্ধ। সরকার যদি সিদ্ধান্ত নেয়, আগামী ছয় মাস সব স্কুল বন্ধ রাখা হবে, তাহলে সেগুলোকে ভাড়া নিয়ে আইসোলেশন কেন্দ্র বানাতে পারে। এর ফলে কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে তা করা সম্ভব হবে। স্কুলগুলো ভাড়া নিতে বাজেটে বড় বরাদ্দ দিতে হবে। এতে স্কুল কর্তৃপক্ষের আয় হবে, তারাও আর্থিকভাবে বেঁচে যাবে। অস্ট্রেলিয়ায় এভাবেই করোনা মোকাবিলা করা হচ্ছে।
এ ছাড়া করোনার সময়ে হাসপাতালগুলোতে কোন ধরনের চিকিৎসাসামগ্রী দরকার, তা জানতে মাঠপর্যায়ের চাহিদা জানতে হবে। কিন্তু নীতিনির্ধারকেরা সেদিকে নজর দেন না। প্রতিবছরের মতো কিছুটা বাজেট বাড়িয়ে দেন মাত্র।
সার্বিকভাবে গত কয়েক বছরে স্বাস্থ্য খাতের মৌলিক অবকাঠামো উন্নয়নে বড় কোনো বিনিয়োগ হয়নি। সরকারি হাসপাতালে যে ধরনের ওষুধ রাখা হয়, সেগুলোর দাম বেশ কম। যেমন ভিটামিন এ, ভিটামিন ডি ইত্যাদি। এসব ওষুধ রোগীরা সহজেই বাজার থেকে কিনতে পারেন। কিন্তু অ্যান্টিবায়োটিক কিংবা দামি ওষুধ রাখা হলে গরিব মানুষকে চিকিৎসাসেবার পাশাপাশি সহজে ওষুধও দেওয়া সম্ভব হতো। তাই দামি ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে বাজেট বাড়ানো উচিত। এ ছাড়া শহর এলাকায় সরকারি হাসপাতালগুলোতে যত চিকিৎসক আছেন, সেই তুলনায় শয্যা কম। সে জন্য শয্যা বাড়ানো গেলে আরও বেশি চিকিৎসাসেবা দেওয়া যাবে। একই সঙ্গে গ্রামাঞ্চলেও সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা—দুটোই বাড়ানো দরকার। তা করতে বাড়তি অর্থের প্রয়োজন।
করোনার সময়ে অর্থনৈতিক ভঙ্গুরতার চিত্র দেখা গেছে। দেশের বেশির ভাগ মানুষ দিন এনে দিন খান। তাই কয়েক দিন সবকিছু বন্ধ থাকলে তাঁরা বিপদে পড়ে যান। লকডাউনের মতো বিধিনিষেধ দেওয়া হলে তখন বিপদে পড়া এসব মানুষের খাওয়া-পরার ব্যবস্থা করতে বাজেটে বরাদ্দ রাখতে হবে। আবার করোনার কারণে গত এক বছরে বহু মানুষ নতুন করে গরিব হয়ে গেছেন। এই নতুন দরিদ্রদের জন্যও আগামী অর্থবছরের বাজেটে নীতিসহায়তার পাশাপাশি নগদ প্রণোদনাও দেওয়া উচিত।
গত এক বছরে ব্যবসা-বাণিজ্য খারাপ গেছে। ব্যবসায়ীদের আয় কমেছে। চাকরি হারিয়েছেন বহু মানুষ। বলা যায়, দেশের মধ্যবিত্ত ধ্বংস হয়ে গেছে। অনেকেই এখন নিত্যপণ্য কিনতে ওএমএসের লাইনে দাঁড়াচ্ছেন। এই অবস্থায় নতুন বাজেটে কোনোভাবে নতুন কর আরোপ করা উচিত নয়, বরং বিদ্যমান কর ব্যবস্থায় ছাড় দেওয়া উচিত।