চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স চালু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত দেশের একমাত্র মৌলিক রাসায়নিক কারখানা চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স আগামী এক মাসের মধ্যে চালুর দাবি জানিয়েছেন এই কারখানার শ্রমিকেরা। এ সময়ের মধ্যে কারখানাটি চালু না হলে আগামী ১৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স পুনরায় চালু সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক নাসির আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুর আহমেদ, দিদারুল কবীর, নবীউল হক, মুজিবুল মাওলা, শফিকুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রিত কারখানাটি ২০০২ সালের ১৫ ডিসেম্বর কোনো কারণ ছাড়াই তৎকালীন সরকার বন্ধ করে দেয়। কোনো কোনো মহল কারখানাটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্যও চেষ্টাতদ্ববির চালায়। এ অবস্থায় বর্তমান সরকার এটিকে বিক্রির তালিকা থেকে বাদ দেয় এবং পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। গত বছরের ২৪ এপ্রিল কারখানাটি আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।