শেয়ারের দাম অতিরিক্ত বৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি চিটাগাং ভেজিটেবলের বিনিয়োগকারীদের তথ্য তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার এসইসির বাজার পর্যালোচনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।আনোয়ারুল কবির বলেন, চিটাগাং ভেজিটেবল একটি বন্ধ ও অলাভজনক প্রতিষ্ঠান। সুতরাং এ ধরনের অলাভজনক প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি কোনোভাবেই সহ্য করা হবে না। তাই ব্রোকারেজ হাউসগুলোকে আজ রোববার পর্যন্ত এই প্রতিষ্ঠানের সব বিনিয়োগকারীর তথ্য আগামীকাল সোমবারের মধ্যে এসইসিতে জমা দিতে বলা হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে চিটাগাং ভেজিটেবলের শেয়ারের দাম ৫৯০ দশমিক ৭৫ টাকা বা ৩০ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পায়। আজ প্রতিষ্ঠানটির শেয়ারের শুরুর মূল্য ছিল ২৪৮০ এবং সমাপনী মূল্য ছিল ২৪৯৯ টাকা, যা গতকালের সমাপনী মূল্য ছিল ১৯০৮ দশমিক ২৫ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে বিষয়টি নিয়ে এসইসির বাজার পর্যালোচনা বৈঠকে আলোচনা শেষে ওই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এসইসির মুখপাত্র জানান।