চিঠিপত্রসহ বিভিন্ন ধরনের ডাক পরিবহনের জন্য মাত্র তিনটি গাড়ি আছে ডাক বিভাগের। শুধু ঢাকা-রাজশাহী, খুলনা-বরিশাল এবং খুলনা-সাতক্ষীরা পথেই এ গাড়িগুলো চলে। তাই বেসরকারি পরিবহনের ওপর নির্ভর করে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে ১৮ হাজার ২৬৬ কিলোমিটার ডাক পরিবহন করতে হয়।
এ অবস্থায় ঢাকা বিভাগের জন্য ১১৮টি বিভিন্ন ধরনের গাড়ি কেনা হচ্ছে। এসব গাড়ির ধারণক্ষমতা এক থেকে সাত টন। এ জন্য গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প পাস হয়েছে। এ প্রকল্পের ব্যয় হবে ৭৮ কোটি টাকা। এ ছাড়া প্রকল্পের আওতায় গাড়িগুলো রাখার জন্য দেশের ৩৩টি স্থানে গ্যারেজও নির্মাণ করা হবে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে ডাক বিভাগ।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় মোট ৫ হাজার ৩৯ কোটি ৭৯ লাখ টাকার সাতটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ২ হাজার ৯১৬ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২ হাজার ১২৩ কোটি টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৪২০ কোটি টাকার আনোয়ারা-২ অর্থনৈতিক অঞ্চলের জন্য ভূমি অধিগ্রহণ (চায়নিজ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল) প্রকল্প, ১১৯ কোটি টাকার ডাবল লিফটিংয়ের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ সম্প্রসারণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, ৩৬৬ কোটি টাকার বৃহত্তর চট্টগ্রাম জেলা পল্লি অবকাঠামো উন্নয়ন (চট্টগ্রাম ও কক্সবাজার) প্রকল্প, ৩ হাজার ৯৪১ কোটি টাকার দ্বিতীয় স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (সংশোধিত), ৬৩ কোটি টাকার বনগাঁও-নুন্নী-হাতীপাগার সড়ক প্রশস্ত ও মজবুত করার প্রকল্প এবং ৫২ কোটি টাকার পাকিস্তানের ইসলামাবাদে চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
এদিকে একনেক সভার পর পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া সম্পর্কে অবহিত করা হয়। এতে পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য সম্পদ আহরণসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হয়।