পাকা রসিদ ছাড়া চিনি ও ভোজ্যতেলের (সয়াবিন ও পাম) যেকোনো ধরনের কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এখন থেকে খুচরা এবং পাইকারিসহ সব পর্যায়ে চিনি ও ভোজ্যতেল কেনাবেচায় বাধ্যতামূলক পাকা রসিদ ব্যবহার করতে হবে। অর্থাৎ সাদা কাগজে সিল মেরে কাঁচা রসিদ তৈরি করে তা ব্যবহার করা যাবে না। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সদর আলী বিশ্বাস স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে। নির্দেশনার অনুলিপি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদনকারী সমিতি, চিনি পরিশোধনকারী সমিতিসহ দেশের সব চিনি ও ভোজ্যতেল পরিশোধনকারী কারখানার মালিকদের কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, সাধারণ ভোক্তা পর্যায়ে সহনীয় ও যৌক্তিক মূল্যে চিনি ও ভোজ্যতেল বিপণনের ক্ষেত্রে পরিবেশকপদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতির সুফল যাতে সাধারণ জনগণ, পরিশোধনকারী, আমদানিকারক ও ব্যবসায়ীরা পেতে পারেন, সে জন্য বিপণনের প্রতি ক্ষেত্রে যথাযথ তদারকব্যবস্থা থাকা জরুরি।তাই এ দুই পণ্য হস্তান্তরের প্রতি পর্যায়ে চালান নম্বর, পণ্যের পরিমাণ, পাইকারি ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখসহ পাকা রসিদ ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। পাকা রসিদ সাধারণত মুদ্রিত হয়ে থাকে যেখানে রসিদ নম্বরসহ বিভিন্ন তথ্য উল্লেখ করতে হয়।পণ্যের মোড়কে পরিমাণ, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং এমআরপি সুস্পষ্টভাবে উল্লেখ থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা কার্যকর নয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিশোধনকারী কারখানার মালিকদের উদ্দেশে বলা হয়েছে, পণ্য কেনাবেচার সময় তাঁরা যেন পাকা রসিদ ব্যবহার করেন। আর খুচরা বিক্রেতাদের কাছে পণ্য হস্তান্তরের সময় পরিবেশকেরাও যেন ব্যবহার করেন এই পাকা রসিদ। এই নির্দেশনা অমান্য করা যে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ, তাও কারখানার মালিকদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পরিদর্শন দল এবং অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১-এর আওতায় গঠিত বাজার তদারক দল বাজার পরিদর্শনের সময় পণ্য কেনাবেচার পাকা রসিদ যাচাই করবে। উল্লেখ্য, গত ২৩ মার্চ এক আদেশে সরকার চিনি ও ভোজ্যতেল বিপণনের ক্ষেত্রে চালান আদেশ প্রথা (ডেলিভারি অর্ডার বা ডিও) বাতিল করে পরিবেশকপদ্ধতি চালু করতে বলেছে। আদেশ জারির দিন থেকে ৯০ দিনের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করার কথা বলা হলেও ব্যবসায়ীরা কিছু সময় চাইলে ৩০ জুন পর্যন্ত তা বাড়ানো হয়। নিয়মানুযায়ী পণ্যের মূল্য কমানো, বাড়ানো বা পুনঃ নির্ধারণ করতে হলে সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ী সমিতির মাধ্যমে করতে হবে। দর পুনঃ নির্ধারণ করে তা কার্যকর হওয়ার ১৫ দিন আগে ট্যারিফ কমিশনের তদারক সেল, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর নিয়ম রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাস্তবে এই পদ্ধতি মানা হচ্ছে না। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দুই পণ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরিবেশকপদ্ধতি। বাস্তবে এখনো ডিও প্রথা চালু রয়েছে।