চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মাধ্যমে চিনি আমদানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ জন্য দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সংস্থাটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চিনিশিল্পকে লাভজনক করার জন্য রাষ্ট্রায়ত্ত দুটি চিনিকলে অপরিশোধিত চিনি থেকে রিফাইন্ড সুগার উত্পাদন করার পাশাপাশি অন্য দুটি চিনিকলে ডিস্টিলারি স্থাপন করা হবে।গতকাল রোববার কৃষি মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে সভাপতিত্ব করেন।বৈঠকে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পুরস্কার প্রদানসহ বিভিন্ন ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। মাড়াই মৌসুমে চিনিকলগুলোয় চাহিদামাফিক আখ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আখচাষিদের যেকোনো ধরনের ভোগান্তি লাঘব করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে আখের আবাদি এলাকা বাড়াতে স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ, শ্রমিক ইউনিয়ন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তা গ্রহণ, রিকভারির হার বাড়াতে অধিক মিষ্টতাসমৃদ্ধ ইক্ষুজাত আমদানি, বিএসএফআইসির গবেষণা ও উন্নয়ন সেলের কার্যক্রম জোরদার এবং আধুনিক বিপণন পদ্ধতি অনুসরণের তাগিদ দেওয়া হয়।শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, বিএসএফআইসির চেয়ারম্যান রণজিত্ কুমার বিশ্বাস, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তাসহ শিল্প মন্ত্রণালয়, বিএসএফআইসি, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।