চিনি ও ভোজ্যতেল বিক্রির জন্য পরিবেশক তালিকা চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকা প্রণীত না হওয়ায় ডিও (ডেলিভারি অর্ডার) প্রথার বদলে পরিবেশকদের মাধ্যমে চিনি ও ভোজ্যতেল বিক্রি কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু হওয়ার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। খোদ বাণিজ্যসচিব গোলাম হোসেন এই অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন।বাণিজ্যসচিব জানান, ২০ জুন থেকে চিনি ও ভোজ্যতেল বিক্রির ক্ষেত্রে ডিও প্রথা সম্পূর্ণভাবে উঠে যাবে। কিন্তু এখন পর্যন্ত পরিবেশকদের তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আসেনি। শুধু তা-ই নয়, গতকাল ১ জুন থেকেই চিনি ও ভোজ্যতেলের জন্য পরীক্ষামূলকভাবে কিছু জেলা ও উপজেলায় ডিও প্রথার বদলে পরিবেশকদের মাধ্যমে বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবেশকদের তালিকা প্রণীত না হওয়ায় তা সম্ভব হয়নি।এই অনিশ্চয়তা কাটাতে বাণিজ্যসচিব পরিবেশকদের তালিকা প্রণয়নে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে সহযোগিতা চেয়েছেন। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকে বাণিজ্যসচিব এসব কথা বলেন। তিনি বৈঠকে প্রধান অতিথি ছিলেন।বাণিজ্যসচিব আরও বলেন, দীর্ঘদিনের পুরোনো পাইকারি ব্যবসার ডিও প্রথা বাতিল করে চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রে পরিবেশক-ব্যবস্থা চালু করা হচ্ছে। তাই প্রাথমিক অবস্থায় এখানে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তবে পরবর্তী সময়ে তা ঠিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গোলাম হোসেন বলেন, সরকারি সংস্থা টিসিবি সক্রিয় করার অবস্থা নেই। একসময় এক হাজার ৪০০ জনবলের এই প্রতিষ্ঠানে এখন আছেন মাত্র ১২৫ জন। তাঁদের বেশির ভাগেরই আবার অবসরে যাওয়ার সময় হয়েছে। তা ছাড়া সরকারের কাজ ব্যবসা করা নয়; ব্যবসায়ীদের সহায়তা করা। বাণিজ্যসচিব গত বছর রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী সম্প্রদায়কে ধন্যবাদ জানান। এবারও গত বছরের মতো রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্যবসায়ীদের এক অভিযোগের জবাবে বাণিজ্যসচিব জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে না আটকায়, তার জন্য সরকারিভাবে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক ও দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের কো-চেয়ারম্যান মো. হেলালউদ্দিন, পরিচালক মীর নিজামউদ্দিন, হারুণ-অর-রশীদ, শামসুল হক, আহমেদ জামাল, আবদুর রাজ্জাক, মো. জালালউদ্দিন, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাসেমসহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান ও রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ আসন্ন রজমান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন। তিনি আরও বলেন, সরকারি সংস্থা টিসিবিকে পুরোপুরি সক্রিয় করা না গেলে একেবারে বন্ধ করে দেওয়া হোক। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন আমদানিকারক জানান, খাদ্যসামগ্রী আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় অনেক ব্যাংক নির্ধারিত ১২ শতাংশ সুদ না মেনে অতিরিক্ত সুদ ধার্য করছে। বাড়তি সুদ না দিলে এলসি খোলা যাচ্ছে না। এ প্রসঙ্গে এ কে আজাদ কোনো ব্যাংক ১২ শতাংশের বেশি সুদ নিতে চাইলে এফবিসিসিআইতে ফ্যাক্সযোগে লিখিতভাবে জানানোর অনুরোধ করেন। লিখিত অভিযোগ পেলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে বলেও তিনি জানান। বৈঠকে ব্যবসায়ীরা অনেকেই ডিও প্রথার বদলে পরিবেশক প্রথা ভালো হবে বলে জানান। তবে অনেকে প্রাথমিকভাবে এ ব্যবস্থা কতটুকু সফল হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নতুন চাল আসায় চলের দাম প্রতি কেজি চার থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। আটার দরও চার টাকা কমে প্রতি কেজি ২৮ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় ভোজ্যতেলের আমদানি কম হওয়ায় খুচরা মূল্য প্রতি লিটারে চার টাকা ও পাঁচ লিটারের বোতল ২০ টাকা বেড়ে ৫৮০ টাকায় হয়েছে। চিনির খুচরা দাম ৬০-৬২ টাকা থেকে কমে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে চিনির মজুদ সন্তোষজনক।