চিনি নিয়ে কারসাজি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি নিয়ে কারসাজি না করতে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী বলেছেন, কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার নিজেই অপরিশোধিত চিনি থেকে পরিশোধিত চিনি উৎপাদনের উদ্যোগ নেবে, প্রয়োজনে অতিরিক্ত শুল্কারোপ করা হবে।
‘রপ্তানি বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে গতকাল রোববার শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩ সালে বেসরকারি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো প্রতি কেজি চিনিতে সাড়ে তিন টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফা করেছে।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), ঢাকা চেম্বার এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।
ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত শিল্পসচিব মোহাম্মদ ফরহাদ উদ্দিন, বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ ও সদস্য লিয়াকত আলী, বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।