চিনি নিয়ে বিপাকে করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনি
চিনি

দেশের রাষ্ট্রমালিকানাধীন চিনিকলগুলোতে উৎপাদিত চিনির বিক্রয়মূল্য শিল্প মন্ত্রণালয় গত তিন বছরে চারবার কমিয়েছে। কিন্তু দফায় দফায় দাম কমিয়েও চিনির বিক্রি তেমন বাড়ানো যায়নি।
কারণ, ডিলাররা এসব চিনিকল থেকে চিনিই তুলছেন না। কিছু চিনি নিচ্ছে পুলিশ, সেনা ও নৌবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফলে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনে (বিএসএফআইসি) গত ১৩ জুলাই পর্যন্ত এক লাখ ৭৮ হাজার টন চিনি অবিক্রীত পড়ে আছে। এই চিনি উৎপাদন করতে করপোরেশনের ব্যয় হয়েছে এক হাজার ৪৫০ কোটি টাকার বেশি (প্রতি কেজি ৮০ টাকা)। আর এই বিপুল পরিমাণ চিনি নিয়ে বিপাকে পড়েছে করপোরেশন।
করপোরেশনের কর্মকর্তা ও ডিলারদের অভিযোগ, বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী দেশে প্রতি কেজি চিনির যে দাম হওয়ার কথা তার চেয়ে কম দামে বেসরকারি চিনিকলগুলো বাজারে চিনি বিক্রি করছে। লোকসানের আশঙ্কায় ডিলাররা করপোরেশনের চিনি তুলছেন না। ফলে ওই চিনি বিক্রিও হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে করপোরেশনের সচিব এস এম আবদার হোসেন প্রথম আলোকে বলেন, ‘চিনি বিক্রির জন্য সব রকম চেষ্টাই আমরা করছি। শেষপর্যন্ত ফ্রি সেলে (সবাই কিনতে পারবে) বিক্রিও শুরু করেছি, যেন কৃষকের উৎপাদিত আখে চলা দেশীয় চিনিকলগুলো টিকে থাকে।’ তিনি বলেন, বেসরকারি মিলগুলো কম দামে চিনি আমদানি এবং তা পরিশোধন করে বাজারে বিক্রি করছে। আর দেশীয় চিনিকলগুলোর উৎপাদনব্যয় অনেক বেশি। সে কারণে তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারা যাচ্ছে না। সরকার যদি অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক বাড়ায়, তাহলে সরকারি চিনি বিক্রি হবে।
করপোরেশন সূত্র বলছে, চলতি মৌসুমে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ পড়েছে ৭৭ টাকা। কিন্তু বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। প্রতি কেজি চিনিতে ৩৭ টাকা লোকসান গুনতে হবে।
উৎপাদনব্যয় বৃদ্ধির কারণ হিসেবে করপোরেশন বলছে, গত বছর আখচাষিদের কাছ থেকে আখ কেনার মূল্য বাড়ানো হয়। চিনিকলগুলোতে এক টন আখ সরবরাহ করে আড়াই হাজার টাকা পান চাষিরা। এর আগে তাঁরা পেতেন দুই হাজার ২২৩ টাকা। সরকারি ১৫টি চিনিকলে আখ সরবরাহের সঙ্গে জড়িত প্রায় পাঁচ লাখ চাষি। এর মধ্যে দুই লাখ চাষি চিনিকলের দেওয়া ঋণে আখের চাষ করে থাকেন। এর বাইরে আছেন আরও আড়াই থেকে তিন লাখ চাষি। আবার সরকার দফায় দফায় বিদ্যুৎ, ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম বাড়িয়েছে। প্রতিবছরই বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের বেতনও। এ সবকিছুই উৎপাদনব্যয় বাড়িয়ে দিচ্ছে।
এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ‘আখ কেনা এবং তা থেকে চিনি উৎপাদনের ক্ষেত্রে অব্যবস্থাপনা থাকার আশঙ্কা থেকে যায়। এটা যদি কমানো যায় এবং অতিরিক্ত শ্রমিক-কর্মচারীদের যদি কমানো যায়, তাহলে চিনিকলগুলোর উৎপাদনব্যয় কমে আসবে। এর মধ্য দিয়ে লোকসানও কমে আসবে। সরকারকে তাই চিনিকলগুলোর সার্বিক একটি পর্যালোচনা করা উচিত। কীভাবে এগুলোকে অর্থনৈতিকভাবে লাভজনক করা যায়, সেটাও ভাবতে হবে।’
প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ এপ্রিল পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক বাড়ায়। প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে অতিরিক্ত ৫০০ টাকা এবং পরিশোধিত চিনি আমদানিতে এক হাজার ৫০০ টাকা শুল্ক নির্ধারণ করা হয়।
মজুত বাড়ছে, বিক্রি নেই: সরকারি ১৫টি চিনিকলে গত ১৩ জুলাই পর্যন্ত চিনি মজুত ছিল এক লাখ ৭৮ হাজার টন। এর মধ্যে গত ২০১৩-১৪ আখমাড়াই মৌসুমে চিনি উৎপাদিত হয়েছে এক লাখ ২৮ হাজার টন। বাকি চিনি আগের মৌসুমের। কিছু চিনি আছে তারও আগের মৌসুমের। তবে এর পরিমাণ জানা যায়নি।
সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে মাত্র ২৩ হাজার টন চিনি বিক্রি হয়। তখন ৫০ টাকা কেজি দরে সেনা ও নৌবাহিনী, পুলিশ এবং বিজিবি এই চিনিটা কেনে। এই সময়ে ডিলাররা কোনো চিনি তোলেননি। এই অবস্থায় গত ৯ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয় চিনির দাম কমিয়ে প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ করে।
করপোরেশন সূত্র বলছে, দাম কমানোর পর থেকে ১৩ জুলাইয়ের আগপর্যন্ত ৫৫ হাজার ৮৫৮ টন চিনি বিক্রি হয়েছে। এর একটি বড় অংশই বিক্রি হয়েছে ফ্রি সেলে। চিনি বিক্রি হচ্ছে না দেখে গত মে মাসে শিল্প মন্ত্রণালয় ফ্রি সেলে এক লাখ টন চিনি বিক্রির অনুমতি দেয়। এর পর থেকে ৩৮ হাজার ৬৮০ টন চিনি বিক্রি হয়েছে। কিন্তু ডিলাররা কোনো চিনিই তোলেননি। সূত্রটি জানিয়েছে, গত অর্থবছরের পুরো সময়ে ডিলাররা মাত্র ৫৫৮ টন চিনি তুলেছেন।
জানতে চাইলে বাংলাদেশ চিনি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকার ৪০ টাকা দর বেঁধে দিয়েছে। কিন্তু বাজারে চিনির পাইকারি দর ৩৯-৪০ টাকা। তাহলে আমরা কীভাবে এই চিনিটা বিক্রি করব। চিনি করপোরেশনে আমাদের চার হাজার ডিলারের জামানত হিসেবে ৪০ কোটি টাকা পড়ে আছে। ওই টাকাটা ব্যাংকে রাখলেও তো কিছু সুদ পেতাম।’ তিনি জানান, দুই বছর ধরে সরকার চিনির যে দরই নির্ধারণ করে তার চেয়ে কম দামে বেসরকারি মিলগুলো তাদের চিনি বিক্রি করে। ফলে সরকারি চিনি তুললে লোকসান গুনতে হয় তাদের।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাবে, দেশে বছরে চিনির চাহিদা ১৪ থেকে ১৫ লাখ টন। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশে ১৯ লাখ ৪০ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি হয়েছে। দেশের মোট চাহিদার চেয়ে বেশি আমদানির কারণ হলো, সরকার চিনি রপ্তানি উন্মুক্ত করায় বেসরকারি মিলগুলো এখন রপ্তানির উদ্দেশ্যে অপরিশোধিত চিনি আমদানি করছে।
সরকারি চিনি করপোরেশন এবং বেরসকারি চিনিকল সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত চিনি আমদানি এবং তা পরিশোধন করে বিক্রির উপযোগী করতে প্রতি কেজিতে ব্যয় পড়ে ৪৩ থেকে ৪৪ টাকা। অথচ, এই চিনি তাদের ডিলারদের দিচ্ছে ৪১ থেকে ৪২ টাকায়। মাস খানেক আগে বেসরকারি মিলগুলো ডিলারদের চিনি দিয়েছিল ৪০ থেকে ৪১ টাকা কেজি দরে। অন্যদিকে সরকারি চিনিকলের ডিলারদের চিনি তোলার নির্ধারিত দর ৪০ টাকা। এর সঙ্গে দুই টাকা যাতায়াত ও মুনাফা রেখে ডিলাররা এই চিনি বিক্রি করার কথা।
জানতে চাইলে দেশের সবচেয়ে বড় বেসরকারি চিনিকল সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতি কেজির উৎপাদনব্যয় পড়ছে সাড়ে ৪৩ টাকা। কিন্তু আমরা ডিলারদের দিচ্ছি ৪২ টাকায়।’ উৎপাদনব্যয়ের চেয়ে কম দামে কেন চিনি বিক্রি করছেন?—জানতে চাইলে তাঁর জবাব, ‘উপায় কী! সুগার করপোরেশন চিনি দিচ্ছে ৪০ টাকায়। আমাদেরও তো চিনি বিক্রি করতে হবে। সে কারণে কম দামে চিনি বিক্রি করতে হচ্ছে।’
সূত্র বলছে, বেসরকারি চিনিকলগুলো দুই বছর ধরেই চিনিতে লোকসান দিচ্ছে। কিন্তু এই লোকসান তাদের অন্য ভোগ্যপণ্যের মাধ্যমে (যেমন—ভোজ্যতেল, আটা-ময়দা) ক্রেতাদের কাছ থেকে তুলে নিচ্ছে।
করপোরেশন সূত্র বলছে, ২০১১ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত চিনির বিক্রয়মূল্য চার দফায় কমানো হয়েছে। দাম কমালে চিনি বিক্রি হবে—এমন পর্যবেক্ষণ থেকে দাম কমানো হলেও কোনো ফল হয়নি। ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর প্রতি কেজি চিনির দাম ৬০ টাকা, ওই বছরই আরেক দফা কমিয়ে ৫৫ টাকা, ২০১২ সালের ১৯ জুলাই ৫০ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ এ বছর নির্ধারণ করা হয় ৪০ টাকা।
এবারের উৎপাদন: দেশের ১৫টি চিনিকলে এ বছর এক লাখ ২৮ হাজার টন চিনি উৎপাদিত হয়েছে। এর মধ্যে নর্থবেঙ্গল চিনিকলে ১৭ হাজার ৮৪১ টন, নাটোর চিনিকলে ১১ হাজার ৮৪০ টন, জিলবাংলা চিনিকলে ১১ হাজার ৩৯১ টন, মোবারকগঞ্জ চিনিকলে ১০ হাজার ৬৯৬ টন, জয়পুরহাট চিনিকলে নয় হাজার ১৯ টন, রাজশাহী চিনিকলে নয় হাজার ১৮২ টন চিনি উৎপাদিত হয়েছে।
এ ছাড়া পঞ্চগড় চিনিকলে ছয় হাজার ২৫১ টন, ঠাকুরগাঁও চিনিকলে আট হাজার ৯০ টন, সেতাবগঞ্জ চিনিকলে চার হাজার ৯৬৪ টন, শ্যামপুর চিনিকলে পাঁচ হাজার ৩৬৩ টন, রংপুর চিনিকলে পাঁচ হাজার ২৬৮ টন, পাবনা চিনিকলে পাঁচ ৭১৫ টন, কুষ্টিয়া চিনিকলে ছয় হাজার ২৪ টন, কেরু চিনিকলে সাত হাজার ৯৯০ টন এবং ফরিদপুর চিনিকলে আট হাজার ৫৫০ টন।