চিনি মসুর ডাল পেঁয়াজ ও রসুনে বাড়তি মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার আগে দেশে যে দামে চিনি আমদানি হয়েছে, তাতে খুচরা বাজারে এখন প্রতি কেজির দাম হওয়া উচিত সর্বোচ্চ ৫৫ টাকা। অথচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। এ হিসাবে এক কেজি চিনিতে বাড়তি মুনাফা করা হচ্ছে ৫ থেকে ১০ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয় আমদানি, বিভিন্ন পর্যায়ের খরচ ও মুনাফা ধরে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের কাঙ্ক্ষিত দরের একটি হিসাব তৈরি করেছে। হিসাবটি বিশ্লেষণ করে দেখা যায়, চিনি, মসুর ডাল, ভারতীয় পেঁয়াজ ও চীনা রসুনে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা। তবে ছোলা বিক্রি হচ্ছে কাঙ্ক্ষিত দরের কাছাকাছি দামে।
জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য কর আরোপ করায় চিনির দর বেড়েছে। তবে আমরা বিষয়টি কঠোরভাবে পরিবীক্ষণ করছি।’ তিনি বলেন, পেঁয়াজের দাম কমই আছে। রসুনের দাম বেড়েছিল, এখন তা কমেছে। চিনির দামও কয়েক দিনের মধ্যে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বছরে চিনির চাহিদা ১৪-১৫ লাখ টন। রমজান মাসে প্রায় তিন লাখ টন চিনি লাগে। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে প্রায় ১৭ লাখ টন চিনি ঢুকেছে। তাই চিনির সরবরাহে টান পড়ার কারণ ছিল না। কিন্তু দুটি বড় চিনি পরিশোধন মিল কয়েক দিন বন্ধ থাকায় সরবরাহ কমে যায়। এতে বাজারে দাম বেড়ে যায়।
ঢাকার বাজারে গত মার্চেও প্রতি কেজি চিনির দাম ৪৮-৫০ টাকা ছিল। এরপর দাম বাড়তে বাড়তে এখন ৬৫ টাকা পর্যন্ত উঠেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, এক মাসে চিনির দাম বেড়েছে প্রায় ১৭ শতাংশ। চিনির দাম সর্বশেষ বেড়েছিল সিটি গ্রুপের মিল কয়েক দিন বন্ধ থাকায়।
সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বলেন, গত রোববার তাঁদের মিল চালু হয়েছে। এখন দিনে ২ হাজার ৮০০ টনের মতো চিনি সরবরাহ করা হচ্ছে। কাঙ্ক্ষিত দরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ৫২ টাকা দরে চিনি বিক্রি করি। সেটা খুচরায় ৫৮-৬০ টাকার বেশি হওয়া উচিত নয়।’
মসুর ডালের দাম দীর্ঘদিন ধরেই চড়া। আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়েছে। তবে দেশের মানুষকে আরও বাড়তি খরচ করতে হচ্ছে ব্যবসায়ীদের বাড়তি মুনাফার কারণে।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেশে গড়ে ৭৭ টাকা দরে মসুর ডাল আমদানি হয়েছে। এর সঙ্গে ৫ শতাংশ শুল্ক, ব্যাংকঋণের সুদ, পরিবহন ও অন্যান্য খরচ এবং আমদানিকারকের ৫ শতাংশ মুনাফা ধরে এক কেজি ডালের গড় দাম দাঁড়ায় প্রায় ৮৪ টাকা। এর সঙ্গে পাইকারি ব্যবসায়ীর মুনাফা ও পরিবহন খরচ বাবদ ৮ শতাংশ, খুচরা ব্যবসায়ীর মুনাফা ও পরিবহন খরচ ১৫ শতাংশ এবং ৫ শতাংশ ঘাটতি ধরে কাঙ্ক্ষিত খুচরা বাজারদর দাঁড়ায় ১০৯ টাকা।
কিন্তু বাজারে এখন এক কেজি মোটা দানার মসুর ডাল ১১০ টাকা, মাঝারি দানার মসুর ডাল ১২৫ টাকা ও সরু দানার মসুর ডাল ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, প্রতি কেজি গড়ে প্রায় ১৫ টাকায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের কাঙ্ক্ষিত দর হওয়া উচিত গড়ে ২৩ টাকা। গত কয়েক দিনে কেজিতে তিন থেকে চার টাকা দাম বেড়ে এই পেঁয়াজ মানভেদে ২৮-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চীনা রসুনের গড় আমদানি মূল্য ১৩৪ টাকা কেজি। এর সঙ্গে তিন পর্যায়ের খরচ ও মুনাফা যোগ করে খুচরা পর্যায়ে এক কেজি রসুনের দাম হওয়া উচিত ১৯৭ টাকা। কিন্তু বাজারে ভালো মানের চীনা রসুন ২২০-২৩০ টাকা এবং সাধারণ মানের চীনা রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অবশ্য গত মাসে এই রসুনের দর কেজিতে ৫০ থেকে ৭০ টাকা বেড়েছিল। সরকার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করার পর তা কমে বর্তমান দামে এসেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, এক কেজি ছোলার কাঙ্ক্ষিত দর হওয়া উচিত প্রায় ৮৮ টাকা। বাজারে এখন ছোলা ৮৫ থেকে ১০০ টাকা। এ ছাড়া দেশি ছোলা দাবি করে ব্যবসায়ীরা ১০৫ টাকা দরে একধরনের ছোলা বিক্রি করছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের কাঙ্ক্ষিত দরের চেয়ে খুচরা দরের পার্থক্য বাজারভেদে কমবেশি আছে। যেমন কারওয়ান বাজারে ছোলা সর্বনিম্ন ৮৫ টাকা, চিনি ৬০ টাকা ও সরু দানার মসুর ডাল ১৩০ টাকা। কিন্তু অন্য বাজারগুলোতে দাম এর চেয়ে বেশি।
কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘চিনি, ছোলা, তেলসহ কয়েকটি পণ্য আমরা লাভ ছাড়াই বিক্রি করি; যাতে ক্রেতারা অন্য পণ্য কেনেন।’
জানতে চাইলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, সরকার যে কাঙ্ক্ষিত দরটি বের করেছে, তা নির্ধারণ করে দিতে পারে। এরপর বিভিন্ন সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন করলে ক্রেতারা সুফল পাবেন। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের সরবরাহ যখন কয়েকজন ব্যবসায়ীর হাতে থাকে, তখন একচেটিয়া বাজার তৈরি হয়। দেশের বিভিন্ন পণ্যের সরবরাহ এখন কয়েকজন ব্যবসায়ীর হাতে।