চিনি রপ্তানি শুরু করছেন ব্যবসায়ীরা
সরকার দেশ থেকে চিনি রপ্তানির সিদ্ধান্ত গ্রহণের পর সম্প্রতি দুটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে চিনি রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক সপ্তাহের মধ্যেই এসব চিনি রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রপ্তানিকারকেরা।মন্ত্রণালয় সূত্র জানায়, ১৮ নভেম্বর সিটি সুগার ইন্ডাস্ট্রিজ এবং ২৬ নভেম্বর দেশবন্ধু সুগার মিলসকে নির্দিষ্ট পরিমাণ চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। সিটি রপ্তানি করতে পারবে ৩৫ হাজার টন চিনি। আর দেশবন্ধু পারবে ৪৯ হাজার টন চিনি।২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি সরকার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ১১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর ২৯ অক্টোবর চিনি রপ্তানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। অবশ্য চিনি রপ্তানিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে। প্রতিটি রপ্তানি চালান পাঠানোর আগে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। আগ্রহী প্রতিষ্ঠানের কাছে কী পরিমাণ চিনি মজুত আছে, বাংলাদেশ চিনি পরিশোধন কারখানা মালিক সমিতির কাছ থেকে সে বিষয়ে লিখিত প্রত্যয়নপত্র নিয়ে তা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এরপর দেশে চিনির মজুত, আমদানি অবস্থা (এলসি তথ্য) ইত্যাদি তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ ট্যারিফ কমিশন রপ্তানির অনুমতি দেওয়ার পক্ষে সুপারিশ করলেই চিনি রপ্তানি করা যাবে। আর রপ্তানি নীতি ২০০৯-১২-এর অনুচ্ছেদ ২.৪.৩ অনুযায়ী অন্তত ১০ শতাংশ মূল্য সংযোজনের মাধ্যমে চিনি রপ্তানি করা যাবে।সূত্র জানায়, চিনি রপ্তানির প্রজ্ঞাপন জারির পর তিন বেসরকারি পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি সুগার, আবদুল মোনেম সুগার ও দেশবন্ধু সুগার মিলস রপ্তানির অনুমতি চেয়ে ট্যারিফ কমিশনে আবেদন করে। এমনকি রপ্তানির অনুমতি চায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনও (বিএসএফআইসি)।আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন, মজুত ও দেশে আসার অপেক্ষায় থাকা (পাইপলাইন) মজুত চিনির উপাত্ত বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন নির্দিষ্ট পরিমাণ চিনি রপ্তানির অনুমতি দিতে সুপারিশ করে। এর মধ্যে সিটি সুগারকে ৩৫ হাজার টন, দেশবন্ধুকে ৪৯ হাজার টন, আবদুল মোনেম সুগারকে ৪৩ হাজার টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আর সুগার করপোরেশনকে ৫০ হাজার টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে নতুন করে আরও ৬০ হাজার টন চিনি রপ্তানির অনুমতি চেয়ে ট্যারিফ কমিশনে আবেদন করেছে সিটি সুগার। আর মেঘনা গ্রুপের ইউনাইটেড সুগার মিল ২৫ হাজার টন চিনি রপ্তানির অনুমতি চেয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে এই দুটি প্রতিষ্ঠান আবেদন করে।ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশের বেসরকারি পরিশোধনকারী কারখানাগুলোর কাছে এখন চার লাখ টন চিনি মজুত রয়েছে। আর দেশে আসার অপেক্ষায় আছে আছে সোয়া দুই লাখ টন অপরিশোধিত চিনি।বাণিজ্য মন্ত্রণালয় এবং চিনি পরিশোধনকারী কারখানা মালিকদের সমিতির তথ্য অনুযায়ী, দেশের কারখানাগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩৪ লাখ টন। আর দেশে চিনির চাহিদা বছরে সর্বোচ্চ ১৫ থেকে ১৬ লাখ টন।বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার রপ্তানির সুযোগ দেওয়ায় উৎপাদন ক্ষমতার পুরোটা এখন ব্যবহূত হবে এবং বছরে ১৮ থেকে ২০ লাখ টন চিনি রপ্তানি করা সম্ভব হবে।শুরু হচ্ছে রপ্তানি: নিষেধাজ্ঞা জারির আগে এ দেশ থেকে চিনি রপ্তানি করত দেশবন্ধু সুগার মিলস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চিনি পরিশোধন কারখানা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমরা চারটি ঋণপত্র/চুক্তির বিপরীতে ৪৯ হাজার টন চিনি রপ্তানির কার্যাদেশ পেয়েছি। টাকার অঙ্কে তা দাঁড়ায় ৩৮৭ কোটি টাকা। ইতিমধ্যে আমরা অগ্রিম অর্থও পেয়েছি। ইউরোপের কয়েকটি দেশ, মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরে চিনি রপ্তানি হবে। আগামী সপ্তাহে এই চিনি জাহাজীকরণ করতে পারব।’ আরও ১০ হাজার টন রপ্তানির কার্যাদেশ পেয়েছেন বলেও জানান তিনি।সিটি সুগার আপাতত রপ্তানি করছে ২৫ হাজার টন চিনি। সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘তিনটি ঋণপত্রের আওতায় আমরা ২৫ হাজার টন চিনি দুবাই পাঠাচ্ছি। জাহাজীকরণের উদ্দেশ্যে দুই দিন ধরে আমাদের রূপগঞ্জের কারখানা থেকে চিনি চট্টগ্রামে পাঠানো হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এগুলো পাঠানো হবে। আর বাকি চিনি রপ্তানির বিষয়ে কথাবার্তা চলছে।’ বর্তমানে সিটি সুগারের কাছে এক লাখ ৯৪ হাজার টন পরিশোধিত চিনি মজুত রয়েছে বলে জানান তিনি।আবদুল মোনেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ট্যারিফ কমিশন আমাদের ৪৩ হাজার টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে আর ২০-২৫ দিন আগে। তবে এখনো বাণিজ্য মন্ত্রণালয় আমাদের রপ্তানির অনুমতি দেয়নি।’ট্যারিফ কমিশনের একজন কর্মকর্তা বলেন, সুগার করপোরেশনকে কেবল দেশীয় চিনিকলে উৎপাদিত চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে করপোরেশনের কাছে এখন ৫০ হাজার টনের কম চিনি মজুত রয়েছে।করপোরেশন বলছে, নভেম্বরে দেশীয় চিনিকলগুলোতে নতুন আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। সেখানকার উৎপাদিত চিনি এবং এখনকার মজুত চিনি মিলিয়ে ৫০ হাজার টন রপ্তানি করা হবে।