চিনি রপ্তানির সময় বেঁধে দিতে ট্যারিফ কমিশনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি পরিশোধনকারী কারখানার মালিকদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে সরকার তাঁদের চিনি রপ্তানির অনুমতি দেয়। এরই মধ্যে পরিশোধনকারী কারখানাগুলো চিনি রপ্তানিও শুরু করেছে।তবে এই রপ্তানির অনুমতি দেওয়ায় স্থানীয় বাজারে চিনির দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারমূল্য বিশ্লেষণ করে গত নভেম্বর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে কমিশন এ আশঙ্কার কথা জানিয়েছে। প্রতিবেদনটি সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।কত দিনের মধ্যে চিনি রপ্তানি করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় বেঁধে না দেওয়ার কারণে স্থানীয় বাজারে মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। সে কারণে চিনির মূল্য বৃদ্ধি রোধে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ট্যারিফ কমিশিনের প্রতিবেদনে। পাশাপাশি রপ্তানির সময় বেঁধে দেওয়ার সুপারিশও করা হচ্ছে।অবশ্য কয়েক মাস ধরেই দেশীয় চিনির দর সহনীয় পর্যায়ে রয়েছে। বর্তমানে খুচরা বাজারে এক কেজি চিনি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা। কয়েক মাস ধরেই চিনির দর প্রতি কেজি ৫৫ টাকার মধ্যে আছে।গত ১১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর ২৯ অক্টোবর চিনি রপ্তানিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর ১৮ নভেম্বর সিটি সুগার ইন্ডাস্ট্রিজকে ৩৫ হাজার টন আর ২৬ নভেম্বর দেশবন্ধু সুগার মিলসকে ৪৯ হাজার টন চিনি রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন, মজুত ও পাইপলাইনে মজুত চিনির উপাত্ত বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন আবদুল মোনেম সুগারকে ৪৩ হাজার টন আর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে (বিএসএফআইসি) ৫০ হাজার টন চিনি রপ্তানির অনুমতি দেওয়ার সুপারিশ করে।জানা যায়, ২০০৯ সালের আগস্টে প্রতি কেজি চিনি ৪৮ থেকে ৫২ টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বরে তা লাফিয়ে লাফিয়ে বাড়ে। একপর্যায়ে চিনির কেজি ৭০ টাকায় গিয়ে ঠেকে। তখন কারসাজি করে চিনির দাম বাড়ানোর সঙ্গে যুক্ত সন্দেহভাজন চিনি ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা চিনি উদ্ধারে পুলিশি অভিযানও চলে। এর পরই ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি চিনি রপ্তানি বন্ধ ঘোষণা করে সরকার। তখন অবশ্য চিনির বাজার স্বাভাবিক ছিল।এবার চিনি রপ্তানিতে সুনির্দিষ্ট শর্ত আরোপ করে দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে—প্রতিটি রপ্তানি চালান পাঠানোর আগে মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ, আগ্রহী প্রতিষ্ঠানের মজুতকৃত চিনির পরিমাণ সম্পর্কে বাংলাদেশ চিনি পরিশোধন কারখানা মালিক সমিতির কাছ থেকে লিখিত প্রত্যয়নপত্র নিয়ে তা বাণিজ্য মন্ত্রণালয়ে জমাদান ইত্যাদি। পাশাপাশি দেশে চিনির মজুত, আমদানি অবস্থা (এলসি তথ্য) ইত্যাদি তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ ট্যারিফ কমিশন রপ্তানির অনুমতি দেওয়ার পক্ষে সুপারিশ করলেই চিনি রপ্তানি করা যাবে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিনি রপ্তানির অনুমতি দিয়ে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল, তাতে কত দিনের মধ্যে রপ্তানি করতে হবে, তা অবশ্যই সুনির্দিষ্ট করে বলে দেওয়া উচিত ছিল।ট্যারিফ কমিশনের প্রতিবেদনটি তৈরি করেছেন প্রতিষ্ঠানটির তদারক সেলের সদস্য মাহমুদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার মিলমালিকদের চিনি রপ্তানির অনুমতি দিয়েছে। কিন্তু কত দিনের মধ্যে রপ্তানি করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি। আমরা মিলের দুই মাসের মজুত পরিস্থিতি দেখে রপ্তানির সুপারিশ করি। দুই মাস পর যদি তারা রপ্তানি করে আর একই সময়ে যদি কোনো অপরিশোধিত চিনি আমদানি না করে, তাহলে তো মজুত চিনি থাকবে না। একদিকে দেশে চিনি ব্যবহূত হয়ে যাবে, আবার রপ্তানিও হয়ে যাবে। সে অবস্থায় চিনির সংকট দেখা দিতে পারে। এটা নিয়ে জটিলতা দেখা দিতে পারে।’নভেম্বরের মাঝামাঝি সময়ে আরও ৬০ হাজার টন চিনি রপ্তানির অনুমতি চেয়ে সিটি সুগার মিল এবং ২৫ হাজার টন চিনি রপ্তানির অনুমতি চেয়ে মেঘনা গ্রুপের ইউনাইটেড সুগার মিল ট্যারিফ কমিশনে আবেদন করে। ট্যারিফ কমিশন দুটি প্রতিষ্ঠানকেই ওই পরিমাণ চিনি রপ্তানির সুযোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য এখনো রপ্তানির চূড়ান্ত অনুমতি দেয়নি।কমিশনের একজন কর্মকর্তা জানান, সিটি গ্রুপকে দেওয়া রপ্তানির সুপারিশে নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি করতে বলার জন্য সুপারিশ করা হয়েছে।যোগাযোগ করা হলে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা এরই মধ্যে ১৫ হাজার টন চিনি রপ্তানি করেছি। আমদানিকারী জাহাজের মনোনয়ন (নমিনেশন) দিলে বাকি চিনিও রপ্তানি হয়ে যাবে।’