চিনিকল বাঁচাতে আখের উৎপাদন বৃদ্ধির তাগিদ
দেশের চিনিকলগুলো বাঁচাতে হলে অবশ্যই আখের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য অল্প জমিতে অধিক ফলন বাড়ানোর প্রক্রিয়ায় আখের চাষাবাদ করতে হবে।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মাহমুদ উল হক ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার মধুখালীর চর লক্ষ্মীপুর গাজীর বটতলা প্রাঙ্গণে এক আখচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের মিলগেট এলাকায় ৩ নম্বর ইউনিটের আখচাষি জমারত শেখ ও মজিবর রহমানের জমিতে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে তিনি এখানে আসেন। মাহমুদ উল হক ভূঁইয়া বলেন, ‘আখচাষিরা চিনিকলের প্রাণ। তাঁরা চিনিকলের হার্টের একটি অংশ। তাদের অধিক হারে আখ চাষে মনোযোগী হতে হবে। এ জন্য চিনিকল কর্তৃপক্ষ চাষিদের সার্বিক সহযোগিতা দেবে। মাহমুদ উল হক আরও বলেন, চলতি বছরের মধ্যে বিএসএফআইসির আওতায় ইক্ষু উন্নয়ন সহকারীর (সিডিএ) শূন্যপদগুলো পূরণ করা হবে। চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির পরিচালক (বাণিজ্যিক) মো. মুনসুর আলী সিকদার, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আকরাম হোসেন মিয়া, সম্পাদক সিরাজুল ইসলাম, আখচাষি মোতালেব ফকির, খলিল শেখ প্রমুখ।