চিনিকল লাভজনক করতে পরিকল্পনা নেওয়ার নির্দেশ
রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক করতে দ্রুত বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে তা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেছেন, দেশের চিনিশিল্পকে লোকসানের হাত থেকে রক্ষা করতে পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগ নিতে হবে। এ জন্য কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের ওপর জোর দিতে হবে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। শিল্প মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, অতিরিক্ত দুই শিল্পসচিব জি এম জয়নাল আবেদীন ভূইয়া ও সুষেন চন্দ্র দাস, বিএসএফআইসির চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
আমির হোসেন বলেন, চিনিকলগুলোতে লোকসান হওয়ার কারণগুলো চিহ্নিত করে এর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিনিকলগুলোতে লোকসান কমাতে অনুৎপাদন মৌসুমে আমদানি করা অপরিশোধিত চিনি থেকে পরিশোধিত চিনি উৎপাদনের পরামর্শ দেন তিনি।
চিনি শিল্প করপোরেশনের হাতে এখন এক লাখ ৪৭ হাজার ৬৭৭ টন চিনি মজুত আছে। চলতি উৎপাদন মৌসুমে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭৪৬ টন চিনি উৎপাদিত হয়েছে, যা ২০১২-২০১৩ মৌসুমে ছিল এক লাখ সাত হাজার ১২৩ টন।