চিনিকলের আধুনিকায়নে প্রযুক্তি দিতে আগ্রহী চীন
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কাগজ ও চিনিকলগুলোর আধুনিকায়নে প্রযুক্তি-সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহের কথা জানান।
শিল্প মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যৌথ কর্মশালা আয়োজন করে সহায়তা ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার প্রস্তাব দেন তিনি।
শিল্পমন্ত্রী চীনকে ‘এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি’ উল্লেখ করেন। তিনি বলেন, শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অভিযাত্রা জোরদার করতে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশে হাইটেক শিল্পকারখানার পাশাপাশি মাঝারি শিল্পকারখানায় চীনের বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
বৈঠকে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।