চিনিতে শুল্ক থাকছে না

অপরিশোধিত ও পরিশোধিত চিনি আমদানির ওপর প্রস্তাবিত শুল্ক থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ শুক্রবার বিকেলে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন বাজেটে চিনির শুল্ক বাড়ানো হয়েছে। ওই সাংবাদিকের প্রশ্ন শেষ করতে না দিয়েই অর্থমন্ত্রী ক্ষেপে গিয়ে বলেন, ‘এটা কোত্থেকে পেয়েছেন? আমার পুরো বাজেট বক্তৃতার কোথাও আমি এ কথা বলিনি।’
কিছুক্ষণ পর অপর এক সাংবাদিক অর্থমন্ত্রী উদ্দেশ করে বলেন, ‘আপনার বাজেট বক্তৃতার ১২৪ নম্বর পৃষ্ঠায় চিনির শুল্ক বাড়ানোর বিষয়টি রয়েছে। এ বিষয়ে বলেন।’ অর্থমন্ত্রী তখন ওই পৃষ্ঠায় চিনিসংক্রান্ত অংশটি পড়েন এবং হেসে বলেন, ‘আপনি এটা ধরিয়ে দিয়েছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ।’
অর্থমন্ত্রী এর পরই এনবিআর চেয়ারম্যানের দিকে তাকিয়ে জানতে চান, ‘এটা কীভাবে হলো? ’ জবাবে চেয়ারম্যান বলেন, ‘স্যার, রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী, আপনার বক্তৃতায় এটা রাখা হয়নি। কিন্তু এই শুল্ক ধরা হয়েছে। তবে আমরা এ বিষয়ে একটা সংশোধনী দেব। সংশোধনীতে ছক থেকে এটি বাদ দেওয়া হবে।’
এনবিআর চেয়ারম্যানের এই বক্তব্যের পরও চিনির শুল্ক থাকছে কি না স্পষ্ট হয়নি—এমন মন্তব্য করে অর্থমন্ত্রীর উদ্দেশে এক সাংবাদিকদের প্রশ্ন ছিল, বাজেট বক্তৃতা থেকে বিষয়টি বাদ দেওয়া হবে কিন্তু তা আবার অর্থবিলে রাখা হবে কি না? অর্থমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘এটা অর্থবিলে থাকবে না।’