চিনিতে শুল্ক বসাল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এনবিআর অপরিশোধিত, পরিশোধিত সব ধরনের চিনির ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব ছিল। তাঁর ভাষ্যমতে, সেটা তিনি জানতেনই না। সে কারণেই পরে ওই শুল্ক তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু দুই মাস পরে ঠিকই চিনির ওপর শুল্ক বসানো হলো। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপরিশোধিত, পরিশোধিত সব ধরনের চিনির ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) আরোপ করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে স্বাভাবিকভাবেই বাজারে চিনির দাম বেড়ে যাবে। পেঁয়াজ ও তরিতরকারি নিয়ে হিমশিম খাওয়া ক্রেতাদের জন্য এটা আরেকটি দুঃসংবাদ।
নতুন করে শুল্ক আরোপ করায় এখন থেকে প্রতি কেজি চিনিতে পাঁচ টাকা খরচ বেশি পড়বে বলে জানিয়েছেন দেশের সবচেয়ে বড় চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিত সাহা। তিনি প্রথম আলোকে বলেন, এখন বাজারে প্রতি কেজি চিনি ৩৮ টাকায় বিক্রি হয়। শুল্ক বাড়ানোর কারণে এর দাম ৪৩ টাকা হয়ে যাবে।
তবে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিনি এখন ৪০-৪২ টাকাতেও বিক্রি হয়।
চিনিতে নতুন করে শুল্ক কেন বাড়ানো হলো, সে বিষয়ে জানতে চাইলে এনবিআরের সদস্য (শুল্ক ও নীতি) ফরিদ উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় সংস্থাটি দীর্ঘদিন ধরেই আমদানি করা চিনির শুল্ক বাড়ানোর অনুরোধ জানিয়ে আসছিল। এ নিয়ে সংস্থাটি কয়েক দফা শিল্প মন্ত্রণালয়ে চিঠি দেয়। শিল্প মন্ত্রণালয় চিঠি দেয় অর্থ মন্ত্রণালয় ও এনবিআরে। সর্বশেষ গত মাসেও চিনির শুল্ক বাড়ানোর প্রস্তাব করে চিঠি দিয়েছে চিনি করপোরেশন।
চিনির শুল্ক বাড়ানোর খবরে তাই খুশি করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা সরকারের ভালো উদ্যোগ। এর ফলে আমাদের চিনির বিক্রি বাড়বে। সরকারের একটি বড় সংস্থার উপকার হবে।’
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতার প্রতি টন অপরিশোধিত চিনিতে দুই হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে সাড়ে তিন হাজার টাকা শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়। বাজেট ঘোষণার পরদিন আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে খেপে গিয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘এটা কোত্থেকে পেয়েছেন? আমার পুরো বাজেট বক্তৃতার কোথাও আমি এ কথা বলিনি।’ পরে তাঁকে সুনির্দিষ্ট করে জানানো হলে তিনি বলেন, চিনির ওপর শুল্ক বাড়ানো হচ্ছে না। পরে ওই শুল্ক আর বাড়ানো হয়নি।
বর্তমানে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে দুই হাজার টাকা এবং পরিশোধিত চিনি আমদানিতে সাড়ে চার হাজার টাকা শুল্ক আরোপিত আছে। এর সঙ্গে এখন আরও ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করে চিনি আমদানি করতে হবে।
চিনি পরিশোধনকারী একটি প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘চিনি করপোরেশনকে সুবিধা দেওয়ার জন্যই শুল্ক বাড়ানো হয়েছে। চিনি করপোরেশন বছরে চিনি উৎপাদন করে বড়জোর ১ লাখ ২৫ হাজার টন। আর আমরা বেসরকারি মিলগুলো পরিশোধন করি ১৫-১৬ লাখ টন। আমাদের দিকটাও বিবেচনা করা উচিত।’
রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকল দেশীয় আখ থেকে চিনি উৎপাদন করে। এসব চিনিকল পরিচালনা করে চিনি ও খাদ্য করপোরেশন। বছর তিনেক ধরেই এসব চিনিকলের চিনি বিক্রি হয় না। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে কোনো কোনো চিনিকল কর্তৃপক্ষ শ্রমিকদের বেতনই দিতে পারছে না। বেতনের বদলে তাঁদের চিনি দেওয়া হচ্ছে।
সূত্র বলছে, সরকারি চিনিকলগুলোর গুদামে এখন সব মিলিয়ে ১ লাখ ৪০ হাজার টনের বেশি চিনি অবিক্রীত পড়ে আছে। ডিলাররা সেই চিনি তুলছেন না। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি কিছু চিনি কেনে। এ ছাড়া এই চিনির আর কোনো ক্রেতা নেই।
করপোরেশনের কর্মকর্তাদের অভিযোগ, বেসরকারি মিলমালিকদের কারসাজির কারণে তাঁরা মার খাচ্ছেন। যখন তাঁদের চিনির কেজি ৫৫ টাকা ছিল, তখনো বেসরকারি প্রতিষ্ঠানগুলো এর চেয়ে কম দামে চিনি বিক্রি করত, এখনো তা-ই করছে।
বর্তমানে দেশি চিনিকলের চিনির মিলগেট দাম ৩৭ টাকা কেজি। আর বেসরকারি মিলগুলোর মিলগেটে বিক্রি করে ৩৩-৩৪ টাকায়। সে কারণেই করপোরেশন দীর্ঘদিন ধরে চিনির শুল্ক বাড়ানোর প্রস্তাব করে আসছিল।