চিনির ওপর 'ভুল' শুল্ক আরোপের প্রস্তাব সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট
বাজেট

নতুন অর্থবছরের বাজেটে চিনি আমদানির ওপর আমদানি শুল্ক আরোপের ‘ভুল’ প্রস্তাব সংশোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার তিনি সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বাজেট বক্তৃতার বইয়ে ওই ভুল হয়েছে বলে উল্লেখ করেন।
৪ জুন উপস্থাপিত বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কিছু না থাকলেও মুদ্রিত বক্তৃতার শেষে একটি সারণিতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক দুই হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা বলা হয়। এই শুল্কহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে সারণিতে উল্লেখ করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন প্রস্তাব বিবেচনা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোনো পরিবর্তন করিনি। সুতরাং আগেরটাই থাকবে।’ মুদ্রিত বক্তৃতার সারণির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের কাছে যে কাগজপত্র আছে, সেখান থেকে এটি মুছে দিতে হবে। এটা নিয়ে আলোচনা করার কিছু নেই।’
গতকাল শুরু হওয়া সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের লাভের ২ শতাংশ পর্যন্ত সিএসআরের খাতে ব্যয় করার বিধান করেছে। এতে করে ওই অর্থ করের আওতার বাইরে চলে যাচ্ছে। কিন্তু ব্যাংকের অংশকে করের আওতার বাইরে নিয়ে যাওয়ার কোনো এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের নেই। এ এখতিয়ার জাতীয় সংসদের। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্যও পেনশন ফান্ড গঠনের প্রস্তাব করেন। এ ছাড়া বিভিন্ন খাতে দেওয়া সরকারের ভর্তুকি সমন্বয়েরও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, চলতি বছরে ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধির হিসাব ধরা হলেও চূড়ান্ত হিসাবে তা আরও বাড়তে পারে। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে সরকার ঋণ নিলে তাতে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে—ব্যবসায়ীসহ বিভিন্ন পক্ষের এমন দাবির পরিপ্রেক্ষিতে মতিয়া চৌধুরী বলেন, সরকার যেটুকু প্রয়োজন, সেটুকুই ব্যাংক থেকে ঋণ নেবে। এতে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে না।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, চলতি অর্থবছরের তিন মাস খালেদা জিয়া দেশজুড়ে যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছেন, সেটির কারণে বাজেটের কিছু লক্ষ্য পূরণ হয়নি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে মূল বাধা ছিলেন খালেদা জিয়া।
রুস্তম আলী ফরাজি বলেন, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বরাদ্দের বড় অংশ ব্যয় অর্থবছরের শেষ দুই মাসে। এতে একধরনের শুভংকরের ফাঁকি আছে। এ কারণে দেশের সর্বনাশ হচ্ছে।
সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, যারা মানুষ পুড়িয়ে ছারখার করেছে, তাদের মুখে দেশের উন্নয়ন-প্রত্যাশার কথা মানায় না। তিনি প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে ‘সুষম বাজেট’ বলে আখ্যায়িত করেন।
সম্পূরক বাজেট আলোচনার ওপর গতকাল সোমবার সাতজন সাংসদ অংশ নেন। তবে তাঁদের আলোচনার বেশির ভাগ অংশজুড়েই ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ও বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির সাফল্য নিয়ে প্রশংসা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা।
সাত সাংসদের আলোচনা শেষে রাত নয়টায় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটায় সংসদ আবারও বসছে।