চিনির জন্য খাতুনগঞ্জে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটকেন্দ্র বা ত্রাণ নিতে আসা মানুষের লাইন নয়। পবিত্র রমজান মাস উপলক্ষে চিনি কিনতে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে লাইনে দাঁড়িয়ে ব্যবসায়ীরা। গতকাল বেলা ১১টায় তোলা ছবি l সৌরভ দাশ
ভোটকেন্দ্র বা ত্রাণ নিতে আসা মানুষের লাইন নয়। পবিত্র রমজান মাস উপলক্ষে চিনি কিনতে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে লাইনে দাঁড়িয়ে ব্যবসায়ীরা। গতকাল বেলা ১১টায় তোলা ছবি l সৌরভ দাশ

পবিত্র রমজান মাস সামনে রেখে চিনির জন্য চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন নগর ও জেলার বিপুলসংখ্যক খুচরা ব্যবসায়ী ভিড় করছেন। তবে তাঁদের সবাই পর্যাপ্ত পরিমাণে চিনি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার ও এর আগের দিন মঙ্গলবার সরেজমিনে গিয়ে খাতুনগঞ্জের সব পাইকারি দোকানের সামনে খুচরা চিনি ব্যবসায়ীদের ব্যাপক ভিড় দেখা গেছে। স্থানীয় ও দূরদূরান্তের খুচরা ব্যবসায়ীরা সকাল ছয়টা থেকেই লাইনে বা সারিবদ্ধ হয়ে দাঁড়াতে শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই চিনি পাননি বলে অভিযোগ করেন।

খাতুনগঞ্জের পাইকারি বাজারে গতকাল প্রতি বস্তা (৩৭ দশমিক ৩২ কেজি) চিনি বিক্রি হয়েছে ২ হাজার ১৮০ টাকায়।

নগরের আতুরার ডিপো বাজারের রাউজান স্টোরের স্বত্বাধিকারী আবুল কালাম বলেন, ‘দুই দিন ধরে খাতুনগঞ্জে এসে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু এক দিনও চিনি পাইনি। মঙ্গলবার দুপুরপর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম। আজ (বুধবার) সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত
লাইনে ছিলাম। কিন্তু কয়েকজনকে চিনি দিয়েই এখানকার পাইকারি বিক্রেতারা বিক্রি বন্ধ করে দেন।

জানতে চাইলে খাতুনগঞ্জের বড় পাইকারি চিনি বিক্রেতা মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘পর্যাপ্ত পরিমাণে চিনি রয়েছে। চিনি না পাওয়ার কোনো কারণ নেই। কোনো পাইকারি বিক্রেতা যদি খুচরা ব্যবসায়ীকে চিনি না দিয়ে থাকেন, তার কারণ আমার জানা নেই।’

এম এ সালাম আরও বলেন, কিছু মধ্যস্বত্বভোগী বাজারে জুটে গেছে। তারা কয়েক হাত বদল করে অনেক সময় চিনি বিক্রি করতে চায়। এতে একটু অস্থিরতা হয় কখনো কখনো।

রমজান মাসে চিনির চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি চিনি মজুত করতে তৎপর হন। এর ফলে খুচরা ব্যবসায়ীরা চিনি নিতে খাতুনগঞ্জে ছুটে আসেন। কেউ ১০ বস্তা, কেউ ৩০ কিংবা ৪০ বস্তা পর্যন্ত চিনি নিয়ে যাচ্ছেন।

আনোয়ারা উপজেলার জয়কালি হাটের গাউছিয়া স্টোরের মোজাম্মেল হক গতকাল ১০ বস্তা চিনি নেন। তিনি বলেন, ‘দুই ঘণ্টা অপেক্ষার পর ১০ বস্তা চিনি পেয়েছি। প্রতি মণের দাম পড়েছে ২ হাজার ১৮০ টাকা। রমজান মাস উপলক্ষে একটু বেশি চিনি সংগ্রহ করেছি।’

উল্লেখ্য, পাইকারি দর অনুযায়ী প্রতি কেজি চিনির দাম পড়ছে ৫৮ দশমিক ৮৬ টাকা। খুচরা বাজারে এই চিনি ৬১ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।