চিনির দাম কমাল টিসিবি, এখন কেজি ৪৩ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চিনির বিক্রয়মূল্য কমানো হয়েছে। ফলে এখন থেকে টিসিবির সরবরাহ করা প্রতি কেজি চিনি ৪৩ টাকা বিক্রি হবে। আগে এই চিনির দর ছিল ৪৪ টাকা।
টিসিবি বলেছে, বাজারে চিনির সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসে বিভিন্ন পর্যায়ে ট্রাক ও ডিলারদের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করছে টিসিবি।
এ বিক্রি চলবে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকাল রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চিনির পাশাপাশি টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১২১ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং ছোলা ৫২ টাকা কেজি দরে বিক্রি করছে। টিসিবি বলছে, এসব পণ্যের পর্যাপ্ত মজুত আছে, ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, ঢাকা শহরে ২৫টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করছে। এ ছাড়া দেশে প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি হচ্ছে। জেলা শহরগুলোতেও ডিলারের পাশাপাশি ট্রাকে বিক্রি চলছে। অবশ্য টিসিবির পণ্য তোলার প্রতি তেমন আগ্রহ নেই ডিলারদের। পণ্যের মূল্য ও মান নিয়ে তাঁদের অভিযোগও রয়েছে। প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ২৩-৩০ জুন প্রথম কিস্তিতে, ১-৮ জুলাই দ্বিতীয় কিস্তিতে, ৯-১৬ জুলাই তৃতীয় কিস্তিতে এবং ৩১ জুলাই থেকে ঈদের আগ পর্যন্ত চতুর্থ কিস্তিতে টিসিবির পণ্য বিক্রি চলছে। টিসিবির পণ্যের মান খারাপ ও দাম বাজার দরের চেয়ে বেশি এমন অভিযোগ এনে ডিলাররা কয়েকদিন আগে মানববন্ধন করেছে।