চিনির দাম কমাল শিল্প মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাস উপলক্ষে চিনির দাম কমাল শিল্প মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত ও আমদানিকৃত প্রতি কেজি চিনি খুচরা পর্যায়ে ৫৫ টাকায় বিক্রি করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। ঘোষণা অনুযায়ী করপোরেশন প্রতি কেজি চিনি ডিলারদের সরবরাহ করবে ৫০ টাকায়। এত দিন খুচরা ৬০ টাকা এবং ডিলারদের ৫৫ টাকায় চিনি সরবরাহ করে আসছিল বিএসএফআইসি। স্থানীয় বাজারে এর চেয়েও কম দামে আমদানিকৃত সাদা চিনি পাওয়া যাচ্ছে। মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার চিনির দাম কমানোর ঘোষণা দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ‘রমজান মাসে ভোক্তাদের সহনীয় মূল্যে চিনি দিতেই বিএসএফআইসি এ উদ্যোগ নিয়েছে। নতুন এই মূল্য ঈদ পর্যন্ত বহাল থাকবে।’ কেউ ঘোষিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানান শিল্পমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিএসএফআইসির চেয়ারম্যান মাহ্মুদউল হক ভূঁইয়াসহ করপোরেশনের পরিচালকেরা। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘করপোরেশনের অধীনে এখন পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ৭৯৫ মেট্রিক টন চিনি মজুদ আছে। এর মধ্যে দেশের চিনিকলের উৎপাদিত ৬৭ হাজার ৯৯৯ মেট্রিক টন এবং আমদানি করা এক লাখ ছয় হাজার ৭৯৬ মেট্রিক টন।’শিল্পমন্ত্রী বলেন, এ বছর মূল্যস্ফীতির কারণে চিনির আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি পেয়েছে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে এখন আমদানিকৃত সাদা চিনি ও অপরিশোধিত চিনির মিলগেটের মূল্য দাঁড়ায় যথাক্রমে কেজিপ্রতি ৬৩ ও ৫৭ টাকা। তিনি আরও বলেন, চিনিকলগুলোতে আখের অপ্রতুলতা, আখের মূল্য বৃদ্ধি ও পুরাতন যন্ত্রপাতির কারণে চিনির উৎপাদন খরচ বেশি পড়ছে। তাই পুনর্নির্ধারিত মূল্যে চিনি বিক্রি করলেও বিএসএফআইসির কেজিপ্রতি প্রায় ১২ টাকা ভর্তুকি দিতে হবে। ব্যবসায়ীরা কম দামে চিনি বিক্রি করলেও সরকার কেন পারছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করলে আমদানিকৃত চিনি বর্তমান স্থানীয় বাজার মূল্যে বিক্রয় করা সম্ভব নয়। দেশীয় চিনিকলগুলোকে অকার্যকর ও বন্ধ করার অপকৌশল হিসেবে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল সাময়িকভাবে কম মূল্যে চিনি বাজারজাত করছে।’ বড়ুয়া বলেন, ব্যবসায়ীরা এই কৌশল করছেন। কারণ এই পরিস্থিতিতে বেকায়দায় ফেলে বিএসএফআইসি যদি উৎপাদন ও আমদানি বন্ধ করে, তবে তারা একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করতে পারবে।