চিনি ও মসলা এবার রমজান মাসে আলোচনার কেন্দ্রে থাকবে বলেই মনে হচ্ছে। গতকাল শনিবার অর্থাৎ সপ্তাহের শুরুর দিনেই কোথাও মণে ৫০ টাকা, কোথাও বা ৭০ টাকা পর্যন্ত বেড়ে চিনির মণ এক হাজার ৭৭০ টাকা ছুঁয়েছে পাইকারি বাজারে। সপ্তাহান্তেই মৌলভীবাজার ও খাতুনগঞ্জে চিনির পাইকারি দাম বেড়েছে মণে প্রায় ২০০ টাকা।গত জুন পর্যন্ত ছয় মাসের ঋণপত্র নিষ্পত্তির হিসাবে বছরের প্রথমার্ধে দেশে চিনি আমদানি হয়েছে চার লাখ ৩০ হাজার টন, যা চাহিদার চেয়ে দুই লাখ ৭০ হাজার টন কম। জুলাইতে অবশ্য প্রায় দুই লাখ টন আসছে, যা ঘাটতি পূরণ করবে। কিন্তু আগের মাসগুলোতে অপরিশোধিত চিনি আমদানি কেন কমেছে, কমলে বাজারে কী প্রভাব হবে, তা কি সরকার ভেবেছিল? সংশ্লিষ্ট মন্ত্রণালয় সময়মতো যা করতে পারত, তা করেছিল? বাজার বলছে, তা করা হয়নি।গতকাল নিউইয়র্ক ফিউচারে অক্টোবর শিপমেন্টে চিনির দর ছিল প্রতি পাউন্ড ১৮ দশমিক ৩ মার্কিন সেন্ট, যা এক সপ্তাহ আগে ছিল ১৬ দশমিক ৭ সেন্ট। এই দরই তিন মাস আগে কমতে কমতে ১৩ সেন্টের নিচে চলে গিয়েছিল। স্থানীয় পাইকারি বাজারে তখন পরিশোধিত চিনি বিক্রি হয়েছে এক হাজার ২৫০ টাকা মণে। দাম পড়ে যাবে—এ আশঙ্কায় রিফাইনাররা স্বভাবতই সংগ্রহ কমিয়ে দেয়।দাম তখন আরও পড়ছিল, কারণ সেই টালমাটাল বাজারেও ছিল অসুস্থ প্রতিযোগিতা। শোনা যায়, দু-একজন মিলার অন্যদের চেয়ে তাঁদের ‘ডেলিভারি অর্ডার’ বা এক্স-মিল দর মণে এক শ থেকে দেড় শ টাকা কমিয়ে দেয়। ফলে অন্যরা নতুন করে আমদানিতে নিরুৎসাহিত হয়।তবে দুই সপ্তাহ আগে থেকে কেন যেন এক অস্বাভাবিক বাড়তি চাহিদা তৈরি হয় বাজারে। এইচএসসি পরীক্ষার ফল ঘোষণায় মিষ্টির চাহিদা, খুচরা দোকানির শবে বরাতের মজুদ সংগ্রহ—এসব কারণে পাইকারি বাজারে দাম চড়তে থাকে। এ ছাড়া রোজার আগে দাম বাড়ার প্রবণতা দেখে আরও লাভের আশায় দেশের খুচরা দোকানিরা একটু বেশি হারে মজুদ করতে থাকে। চাহিদা যখন চড়ছে, তখনই মিলার, ডিও ব্যবসায়ী ও পাইকার—সবাই ঘোলা পানিতে মাছ শিকার করেছে বলেই দেড় সপ্তাহে চিনির পাইকারি দর বেড়েছে মণে আড়াই শ টাকা। আর খুচরা বাজারে কেজিতে আট থেকে ১২ টাকা।বেসরকারি খাতের পাঁচ-ছয়জন মিলার বাজারের ৯৫ ভাগ চিনির সরবরাহ নিয়ন্ত্রণ করেন। বিশ্ববাজারে দর পড়তে থাকলে এসব মিলার শত শত কোটি টাকা পুঁজি হারান, আবার বাজার চড়লে পুষিয়ে নেন। তাই চিনির মতো অতি স্পর্শকাতর পণ্যের বাজারটি শুধুই মিলারদের হাতে ছেড়ে দেওয়ায় সরকারকে এখন খেসারত দিতে হবে।সরকারের উচিত ছিল, এমন পরিমাণ চিনির মজুদ ও সরবরাহ নিয়ন্ত্রণ করা, যা দিয়ে বাজারে সরবরাহ ও দরে প্রভাব রাখা যায়। সেটি করতে পারত শিল্প মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের সুগার করপোরেশনের চিনি উৎপাদন ও মজুদ রাখার ক্ষমতা, পাইকারি ডিলার নেটওয়ার্ক ছাড়াও ছিল বিশ্ববাজার থেকে চিনি সংগ্রহের অভিজ্ঞতা।এবার ১৪টি সরকারি চিনিকল উৎপাদন করছে ৬২ হাজার টন, যা সাম্প্রতিক বছরগুলোর চেয়ে সর্বনিম্ন। বেসরকারি খাতের সবচেয়ে ছোট পরিশোধনকারীও এর চেয়ে বেশি চিনি বাজারে দেয়। অথচ ১৯৯৪ সালে যখন দেশে চিনির চাহিদা ছয় লাখ টন, তখন সরকারি চিনিকলগুলো প্রায় অর্ধেকই স্থানীয় পর্যায়ে উৎপাদন করেছিল। তখন সুগার করপোরেশন আমদানি করেও ঘাটতি মেটাত। ২০০৩ সালে চিনি আমদানি বেসরকারি খাতে উন্মুক্ত হয়। কিন্তু তাই বলে ২০১০ সালে ১৪ লাখ টন চাহিদার মাত্র ৬ শতাংশ চিনি উৎপাদন করে আর বেসরকারি খাতের মিলারদের কাছে বাজার ছেড়ে বসে থাকবে সরকার!দু-চারটি মিলে অফ-সিজনে চিনি পরিশোধনের ব্যবস্থা স্থাপন আর আমদানি করা অপরিশোধিত চিনি পরিশোধন করে যদি বাজারের ৪০ শতাংশ সরবরাহ নিয়ন্ত্রণ করত সুগার করপোরেশন, তবে কি বাজার এমন বেহাল হতো? শত শত কোটি টাকার অগ্রিম ডিও বিক্রি করে বেসরকারি পরিশোধন কারখানার মালিকেরা যদি চলতি মূলধন জোগাতে পারেন, তাহলে সরকার কেন পারবে না। এবার রেকর্ড উৎপাদন হ্রাসের পরও নিষ্ক্রিয় বসে থাকায় চিনির বাজারের চলমান ও বর্তমান দুর্গতির দায় তাই চিনিকলগুলোর মালিক শিল্প মন্ত্রণালয়েরও আছে।