চিলাহাটি স্থলবন্দরের উদ্বোধন ৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ সেপ্টেম্বর নীলফামারী জেলার ডোমার উপজেলায় চিলাহাটি স্থলবন্দর উদ্বোধন হচ্ছে। নীলফামারীর জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক প্রথম আলোকে জানান, চিলাহাটিকে স্থলবন্দর ঘোষণা করে সম্প্রতি গেজেট প্রকাশিত হয়েছে এবং সেটির কপিও তাঁর হাতে এসে পৌঁছেছে।নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, এই স্থলবন্দর চালু হলে প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। পাশাপাশি দারিদ্র্যপীড়িত উত্তরাঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে গতি ফিরে পাবে উত্তরা ইপিজেডও। এর আগে ২০১১ সালের ১৯ জুন নৌপরিবহনমন্ত্রী এখানে এক জনসভায় চিলাহাটি শুল্ক স্টেশনকে এক বছরের মধ্যে স্থলবন্দর ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন।জানা গেছে, ১৯৫৩ সালে প্রথম চিলাহাটিতে একটি আন্তর্জাতিক চেকপোস্ট স্থাপন করা হয়। এরপরে ১৯৬০ সালে শুরু হয় স্থলবন্দরের কার্যক্রম। কিন্তু ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় শুধু চেকপোস্ট চালু রেখে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় পরে ২০০২ সালের ২৬ জুন অজ্ঞাত কারণে চেকপোস্টটিও বন্ধ হয়ে যায়। আর ২০১১ সালে স্থলবন্দর চালুর ঘোষণা দেন নৌপরিবহনমন্ত্রী।চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি আবু মুসা মাহমুদুল হক বলেন, ‘এ জন্য আমরা অনেক আন্দোলন করেছি। তাই আমাদের দাবি অনুযায়ী চিলাহাটিকে স্থলবন্দর হিসেবে উদ্বোধন করাটা আমাদের জন্য বড় আনন্দের খবর। তবে এর বাস্তবায়ন দেখতে চাই আমরা।’