চিলাহাটিকে দ্রুত পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হবে: শাজাহান খান
খুব শিগগির নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করা হবে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রোববার এখানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।জনসভায় শাজাহান খান চিলাহাটি শুল্ক স্টেশনের উদ্বোধন ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সাংসদ কর্নেল (অব.) মারুফ সাকলান, ডোমার-ডিমলার সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, মহিলা সাংসদ হামিদা বানু শোভা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডোমার উপজেলার চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, সদর উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।