চীন ও ভারত পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সক্রিয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ও ভারত—এশিয়ার দুই বড় অর্থনীতির প্রবৃদ্ধিই শ্লথ হয়ে গেছে। এই অবস্থায় দেশ দুটি পরস্পরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুনভাবে সক্রিয় হয়ে উঠেছে। খবর ইকোনমিক টাইমস-এর।এ ক্ষেত্রে চীনের দিক থেকে প্রধান চাওয়াটি হলো, ভারতের মাটিতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও পরিচালনা কার্যক্রম সহজ করা এবং চীনা কর্মীদের জন্য অধিক হারে ভিসা দেওয়া।অন্যদিকে ভারতের প্রধান উদ্বেগ হলো, দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ধরনের ঘাটতি কমিয়ে আনা। এই ঘাটতি কমাতে চীনের বাজারে অধিক হারে ওষুধ, তথ্যপ্রযুক্তি, হীরক ও কৃষিপণ্য রপ্তানি করতে চায় ভারত।আজ সোমবার দুই দেশের বাণিজ্যমন্ত্রী যখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকে বসবেন, তখন এ বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা ও চীনের বাণিজ্যমন্ত্রী চেন দেমিং ভারত-চীন যৌথ অর্থনৈতিক দলের ৯ম অধিবেশন হিসেবে এই বৈঠক করছেন। একজন ভারতীয় সরকারি কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেছেন, নিরাপত্তাজনিত কারণে ভারতে চীনের কিছু বিনিয়োগ প্রস্তাব আটকে আছে। বিশেষ করে, টেলিযোগাযোগ খাতে। এ কারণে চীন নাখোশ। এ ছাড়া চীন ভূমি ও শ্রম আইনের বিভিন্ন জটিলতা নিরসনের ওপরও গুরুত্বারোপ করেছে।চীনা কর্মী ও শ্রমিকদের জন্য অধিক পরিমাণে ভিসা দেওয়ার বিষয়েও নয়াদিল্লির খুব একটা আপত্তি নেই বলে জানানো হয়েছে। তবে শর্ত হলো, এসব শ্রমিক দক্ষ হতে হবে। ভারত নিজেই যেহেতু শ্রম-উদ্বৃত্ত দেশ, সেহেতু অদক্ষ শ্রমিক আমদানির বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে। আবার ভারত চায় চীনের সঙ্গে বিরাট বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে। গত অর্থবছর দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে চার হাজার কোটি ডলার। ঘাটতি কমানোর কৌশল হিসেবে ভারত চীন থেকে আমদানি কমিয়ে বিনিয়োগ বাড়াতে চাইছে। এরই অংশ হিসেবে গত মাসে চীন থেকে বৈদ্যুতিক সরঞ্জাম আমদানির ওপর ২১ শতাংশ হারে শুল্কারোপ করা হয়েছে।ভারতের পক্ষ থেকে আরও যেসব দাবি উত্থাপন করা হবে, সেসবের মধ্যে রয়েছে: সমন্বয়যোগ্য কর হ্রাস, তথ্যপ্রযুক্তি পণ্যের শুল্ক হ্রাস, চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানকে সরাসরি ব্যবসা করতে দেওয়া এবং ওষুধের জন্য নিবন্ধনপ্রক্রিয়া সহজতর করা।