চীন ও ভারতে খাদ্যের মূল্যস্ফীতি বাড়ছে
এশিয়ার দুই শক্তিশালী অর্থনীতির দেশ চীন ও ভারতে খাদ্যের মূল্যস্ফীতি দ্রুতগতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। এর ফলে এই দুই দেশে খাদ্যের দাম অল্প সময়ের মধ্যে অনেক বেড়ে গেছে।বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে খাদ্যের মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে উপনীত হয়েছে। গতকাল প্রকাশিত পরিসংখ্যান থেকে দেখা যায়, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ শেষে (২৪ ডিসেম্বর) খাদ্যের মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৪১ শতাংশ। অথচ এর আগের সপ্তাহান্তেই এই হার ছিল ৯ দশমিক ৪৬ শতাংশ।দেশটিতে পেঁয়াজসহ বিভিন্ন সবজির দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে। এর আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে (১৩ নভেম্বর) দেশটিতে খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৫ শতাংশ।বার্ষিক ভিত্তিতে ভারতে পেঁয়াজের দাম এখন বেড়েছে প্রায় সাড়ে ৩৩ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ।গতকাল প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, বার্ষিক ভিত্তিতে ফলমূল ও দুধের দাম বেড়েছে যথাক্রমে ২০ দশমিক ১৫ শতাংশ এবং ১৭ দশমিক ৮৩ শতাংশ। আর সবজির দাম বেড়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ।মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতের কেন্দ্রীয় ব্যাংককে আরেক দফা মুদ্রা জোগান নিয়ন্ত্রণের দিকে ঠেলে দিতে পারে। গত বুধবারই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর সুবির গোকর্ণ এ রকম একটি আভাস দিয়েছেন। এদিকে নভেম্বর মাসে চীনের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৫ দশমিক ১০ শতাংশ, যা কি না ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এটি ভোক্তা মূল্যসূচকের বার্ষিক ভিত্তিতে নির্ণীত।চীন সরকার বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চীনের মূল্যস্ফীতির পেছনেও খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। গতকালই জাতিসংঘের খাদ্য অধিকারবিষয়ক বিশেষ দূত অলিভার ডি শুতার বলেছেন, চীনের সাম্প্রতিক খাদ্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশটির সরবরাহজনিত চ্যালেঞ্জের বিষয়টিই প্রতিফলিত হয়েছে। ক্রমাগত আবাদযোগ্য জমি কমে যাওয়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির কৃষি উৎপাদন বৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। চীনের গরিব পরিবারগুলো তাদের আয়ের অর্ধেকই ব্যয় করে থাকে খাদ্য ক্রয়ে। আর তাই ক্রমাগতভাবে বেড়ে চলা খাদ্যের দাম তাদের জীবনযাত্রাকে ব্যয়বহুল করে তুলছে। সূত্র: দ্য হিন্দু ও এএফপি।