চীন কেন বাংলাদেশে বিনিয়োগ করবে
চীন কেন বাংলাদেশে বিনিয়োগ করবে—এ বিষয়ে গতকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত উভয় দেশের বাণিজ্য সভায় মোটা দাগে পাঁচটি যুক্তি তুলে ধরেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও আফগানিস্তানের সঙ্গে তুলনা করে বিডা বলেছে, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও সহজে কর পরিশোধের দিক থেকে দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। আর ব্যবসা শুরু করা এবং নিকটতম প্রতিবেশীর দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ ছাড়া মাসিক ন্যূনতম মজুরি চীনে যেখানে ৪৩২ ডলার, বাংলাদেশে তা মাত্র ৭০ ডলার।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং কাউন্সিল ফর প্রমোটিং সাউথ-সাউথ কো-অপারেশনের (সিপিএসএসসি) যৌথ আয়োজনে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এতে প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং সম্মানিত অতিথি ছিলেন।
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিএসএসসির চেয়ারম্যান এবং চীনা প্রতিনিধিদলের নেতা লিউ জিনহুয়া, সিপিএসএসসির ভাইস চেয়ারম্যান ঝ্যাং বলুন এবং এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিডার সদস্য এমদাদুল হক সভায় ‘বৈদেশিক বিনিয়োগের জন্য সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে বলা হয়, বাংলাদেশে জ্বালানি খরচ প্রতিবেশী যেকোনো দেশের তুলনায় কম। এ দেশে একটা প্রশিক্ষিত শ্রমিক গোষ্ঠী রয়েছে, যার বড় প্রমাণ পোশাক রপ্তানিতে অভাবনীয় সাফল্য।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) জন্য ৮৪ হাজারের বেশি একর জমি চিহ্নিত করা হয়েছে এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মালিকানায় ৩৩ হাজার একর জমি আছে বলে জানানো হয়।
সিপিএসএসসির চেয়ারম্যান লিউ জিনহুয়া ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং—দুজনেই স্বীকার করেন যে বাংলাদেশ তাদের অন্যতম বন্ধুপ্রতিম দেশ, এ দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং সেই বিনিয়োগ চীন করবেও।
বিনিয়োগের উদ্দেশ্যেই বাংলাদেশ সফর করছেন জানিয়ে লিউ জিনহুয়া বলেন, বাংলাদেশের জ্বালানি, আবাসন, ইলেকট্রনিকস ও যোগাযোগপ্রযুক্তি খাতে চীনের বিনিয়োগ আগ্রহ রয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, ‘আশা করি ও বিশ্বাস করি, বাংলাদেশের বড় বড় অর্জনের অংশীদার হবে চীন এবং চীন-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশের পথ রচনায় সহায়ক হবে।’
বিলুপ্ত বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ এক সেমিনারে জানিয়েছিলেন, বাংলাদেশে পাকিস্তানের চেয়েও চীনের বিনিয়োগ কম। এর ব্যাখ্যা জানতে চাইলে বিডার চেয়ারম্যান বলেন, অসুবিধা নেই, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন চীনের চোখ পড়েছে।
সভার পর যৌথ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় বিডার চেয়ারম্যান চীনা প্রতিনিধিদলটির এবারের সফরের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, ‘সফরটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যে গত বছর বাংলাদেশে এসে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন ও এমওইউ করেছিলেন, তারই ধারাবাহিকতা।’
তবে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের পর অনেক প্রতিনিধিদলই এ রকম এসেছে বলে জানান এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘তাঁরা ঢেউয়ের মতো আসছেন। আমি লিউ জিনহুয়াকে বললাম, এত যে ঢেউ আসছে, বাস্তবে তো কিছু দেখি না।’ তিনি বললেন, ‘দুটি বড় দেশের মাঝখানের বাংলাদেশকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং বড় বড় বিনিয়োগ নিয়ে আসব। আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই।’
এত এমওআই ও এত প্রতিশ্রুতি সত্ত্বেও চীনের তেমন বিনিয়োগ না থাকার কারণ জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত ‘কিছু সমস্যা আছে’ বলে জানান। সমস্যা খুলে বলতে আবার প্রশ্ন করা হলে জবাব দেন কাজী আমিনুল ইসলাম। বলেন, সমস্যা চিহ্নিত হয়েছে, সমাধানও হবে। ওয়ান স্টপ সার্ভিস আইন পাসের জন্য সংসদের চলতি অধিবেশনেই উঠবে। হয়ে গেলে বিডা অনেক শক্তিশালী হবে।