চীন-বাংলাদেশ বাণিজ্য ১০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ এখন চীন থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১ হাজার কোটি ডলার (১০ বিলিয়ন) ছাড়িয়ে গেছে।
বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়ানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও এতে বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ২০১৩ সালে শুধু বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেই (ইপিজেড) চীনের বিনিয়োগ ১৪২ কোটি ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে প্রায় ৮০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় শাহজালাল সার কারখানা নির্মাণ প্রকল্পসহ বর্তমানে বেশ কয়েকটি বড় বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এগুলো সমাপ্ত হলে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, প্রায় সব রপ্তানি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন। এতে সে দেশে বাংলাদেশের রপ্তানি বাড়ছে। আগামী তিন-চার বছরের মধ্যে বাংলাদেশ চীনে ২০০ কোটি ডলার রপ্তানি করতে সক্ষম হবে। বর্তমান সরকার যেসব বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলছে, তাতে চীনা শিল্প স্থানান্তরের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, প্রতিবেশী দেশগুলো অর্থনৈতিকভাবে ধনী হলে চীনের উন্নয়ন প্রচেষ্টা সফল হবে।