চীন-ব্রাজিলের তিন হাজার কোটি ডলারের মুদ্রা বিনিময় চুক্তি
বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতি চীন ও ব্রাজিল তিন হাজার কোটি মার্কিন ডলারের একটি মুদ্রা বিনিময় চুক্তি সই করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট মোকাবিলা ও চীনা মুদ্রা ইউয়ানকে বিকল্প বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।এই চুক্তির আওতায় চীন ও ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় মুদ্রায় যথাক্রমে ১৯ হাজার কোটি ইউয়ান ও ছয় হাজার কোটি রিয়েইজ (যা তিন হাজার কোটি মার্কিন ডলারের সমান) বিনিময় করতে পারবে। এর ফলে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য সহজতর হবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন হচ্ছে লাতিন আমেরিকার বড় দেশ ব্রাজিলের বৃহত্তম বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়ছে। ২০১২ সালে দুই দেশের মধ্যে মোট সাত হাজার কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়, যা ২০০৩ সালে ছিল ৬৭০ কোটি ডলার।ব্রাজিল থেকে চীন প্রধানত আয়রন বা লৌহ ও সয়াবিন জাতীয় পণ্য আমদানি করে থাকে। আর চীন থেকে ব্রাজিল মূলত বিভিন্ন ধরনের শিল্পপণ্য আমদানি করে। ব্রাজিলের অর্থমন্ত্রী গুইডো মানটেগা বলেন, ‘যদি বিশ্ব অর্থবাজারে সংকট দেখা দেয়, চাহিদানুযায়ী ঋণ না পাওয়া যায়, তাহলে আমাদের বৃহত্তম আন্তর্জাতিক অংশীদার চীনের কাছ থেকে ঋণের জোগান পাব। এতে বাণিজ্যের ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটবে না।’দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু প্রদেশের ডারবান শহরে অনুষ্ঠানরত ব্রিকস জোটের পঞ্চম সম্মেলনে যোগ দিতে গিয়ে দেশ দুটি এই চুক্তিতে সই করে।লাতিন আমেরিকার ব্রাজিল, ইউরোপের রাশিয়া, দক্ষিণ এশিয়ার ভারত, এশিয়ার চীন ও আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকা মিলে গঠন করেছে এই জোট। দেশগুলোর আদ্যক্ষর নিয়েই জোটের নামকরণ হয় ব্রিকস।ব্রাজিল কেন্দ্রীয় ব্যাংকের (বিসিবি) গভর্নর আলেক্সান্ডার টমবিনি বলেন, ‘এই চুক্তির ফলে আমরা আন্তর্জাতিক অর্থবাজারে উদ্ভূত পরিস্থিতির আলোকে তিন হাজার কোটি ডলারের তহবিল ব্যবহার করতে পারব।’ আলেক্সান্ডার টমবিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্ববাজারে তারল্যের সংকট দেখা দিলেও তাতে চীন-ব্রাজিলের বাণিজ্য ব্যাহত হবে না। কারণ, তিন হাজার কোটি ডলারের তহবিল দিয়ে চীন থেকে ব্রাজিলের আট মাসের ও ব্রাজিল থেকে চীনের ১০ মাসের আমদানি চাহিদা মেটানো সম্ভব হবে।