চীন-ভারতে প্রণোদনায় পুঁজিঘন খাত লাভবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমন্দা মোকাবিলায় চীন ও ভারতের মতো অগ্রসর উন্নয়নশীল দেশগুলো যে প্রণোদনা গুচ্ছ সহায়তা দিয়েছে, তা মূলত পুঁজিঘন শিল্প খাতের দিকেই গেছে। শ্রমঘন খাতগুলো ততটা সুবিধা পায়নি। যদিও বাংলাদেশের পরিস্থিতি মন্দায় অতটা খারাপ হয়নি, তার পরও মন্দা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর এই চিত্র থেকে বাংলাদেশের শিক্ষণীয় আছে। বাংলাদেশকে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান তৈরির জন্য শ্রমঘন শিল্প খাতকে সর্বাত্মক নীতি-সহায়তা প্রদান করতে হবে। জেনেভাভিত্তিক আন্তর্জাতিক শ্রম সংস্থার সাবেক বিশেষ উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম গতকাল রোববার ঢাকায় এক সেমিনারে এই পর্যবেক্ষণ তুলে ধরেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এই সেমিনারের আয়োজন করে। রিজওয়ানুল ইসলাম ব্যাখ্যা করে বলেন, রাষ্ট্রীয় প্রণোদনা ব্যয় উন্নয়নশীল দেশগুলোর ভোক্তাদের এমন সব ভোগ্যপণ্যের চাহিদা তৈরিতে উত্সাহিত করেছে, যেগুলো প্রধানত পুঁজিঘন। ফলে শ্রমঘন খাতের চাহিদা সেভাবে তৈরি হয়নি। আর এভাবেই কর্মসংস্থানের বিষয়টি উপেক্ষিত হয়েছে।তিনি আরও বলেন, প্রবৃদ্ধির ফলে কর্মসংস্থান কেমন হবে, তা বহুলাংশে নির্ভর করে কোন খাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তার ওপর। উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও যদি কর্মসংস্থান সেভাবে না বাড়ে, তাহলে তা কর্মহীন প্রবৃদ্ধিতে রূপ নেয়।বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরে রিজওয়ান বলেন, চীন ও ভারতের উচ্চ হারের প্রবৃদ্ধির সঙ্গে নিম্নহারে কর্মসংস্থানের বিষয়টি বিভিন্ন সময়ই প্রতীয়মান হয়েছে।বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেন, আয় বণ্টনের বৈষম্যের প্রভাব কর্মসংস্থানের ওপর পড়েছে। শ্রমঘন বিভিন্ন শিল্প খাতের সেভাবে প্রবৃদ্ধি হচ্ছে না। কারণ, নিম্ন আয়ের মানুষ এক দিকে এসব পণ্যের চাহিদা তৈরি করতে পারছে না, ফলে এসব খাতে কর্মসংস্থানও জোরদার হচ্ছে না।উদাহরণ হিসেবে রিজওয়ানুল বলেন, ‘চামড়া ও চামড়াজাত পণ্য উত্পাদনে আমাদের প্রতিযোগিতাসক্ষমতা আছে, আছে শ্রমদক্ষতা। তার পরও এই খাতে প্রবৃদ্ধি উল্লেখযোগ্য নয়।’ তিনি এ জন্য সরকারের পক্ষ থেকে নীতি-সহায়তা দেওয়ার সুপারিশ করেন।রিজওয়ানুল বলেন, বাজারভিত্তিক অর্থনীতিতে সরকার সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে না, তবে সহায়ক নীতিমালা প্রদান করে।মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, বাংলাদেশের বস্ত্র খাতের যে প্রবৃদ্ধি তা মূলত পুঁজিঘন। অথচ আইএফসি এক গবেষণায় বলেছিল, উচ্চ সুদের হারসহ ব্যয়বহুল পুঁজির কারণে বাংলাদেশে বস্ত্র খাতের প্রবৃদ্ধি হবে না। সভাপতির ভাষণে বিআইডিএসের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয় থাকতে হবে। নীতি যদি কর্মসংস্থান সহায়ক না হয়, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে না। মুজেরী আরও বলেন, দেশে মোট কর্মসংস্থানের ৮০ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে হচ্ছে, যা থেকে বেড়িয়ে আসতে হবে।