চীন-ভারতের পর এবার গন্তব্য ইন্দোনেশিয়া
দ্য নিউইয়র্ক টাইমস-এ সম্প্রতি ইন্দোনেশিয়ার অর্থনীতির উদীয়মান শক্তিমত্তার ওপর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সেটির সংক্ষিপ্ত বাংলা রূপান্তর করেছেন আসজাদুল কিবরিয়া বছরের পর বছর দেশটি অদক্ষতা, দুর্নীতি ও অস্থিতিশীলতার জন্যই ব্যাপক পরিচিতি কুড়িয়েছে। তারপর বিশ্ব আর্থিক সংকট কাটিয়ে অনেকটা বিস্ময়করভাবেই ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনীতি ও উন্নয়নের বিভিন্ন সূচক এখন দেশটির নতুন পরিচয় তৈরি করছে। দেশটি হলো ইন্দোনেশিয়া।বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, এশিয়াতে চীন ও ভারতের পর বিনিয়োগের জন্য এখন অবধারিত হয়ে দাঁড়িয়েছে ইন্দোনেশিয়া। সেখানে ব্যবসারত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের ভাষায়, ‘এশিয়াতে এখন একটা প্রশ্ন ঘুরেফিরে বারবার আসছে যে চীন ও ভারতে বিনিয়োগের পর আপনি কোথায় যাবেন? উত্তরটা হলো, ইন্দোনেশিয়া। এটাই স্বাভাবিক গন্তব্য।’দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি-সমৃদ্ধ দেশ হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে ইন্দোনেশিয়া। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২০ শতাংশ। আর গতবছর দেশটির প্রবৃদ্ধির হার ছিল সাড়ে ৪ শতাংশ।দেশটির শেয়ারবাজারও বেশ চাঙা। জানুয়ারির তুলনায় আগস্ট মাসে দেশটির শেয়ারবাজার বেড়েছে ২০ শতাংশ হারে। এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী শেয়ারবাজারের অন্যতম এখন জাকার্তা স্টক এক্সচেঞ্জ। রুপিয়াহ ইন্দোনেশিয়ার বিহিত মুদ্রার নাম। এই সময়কালে মার্কিন ডলারের বিপরীতে রুপিয়াহর দর বেড়েছে ৫ শতাংশ। জাপানি ইয়েনের পর চলে আসছে রুপিয়াহর নাম। ১৯৯৭ সালের এশীয় আর্থিক সংকটের জের ধরে বহু দিন দেশটিতে বিদেশি বিনিয়োগে মন্দাদশা চলেছিল, যা এখন কেটে গেছে। শুধু এ বছরের দ্বিতীয় প্রান্তিকেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৩৭০ কোটি ডলারের, যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি।এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে, বিশ্বের অন্যতম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্র ও জনবহুল দেশটি ক্রমান্বয়ে বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হচ্ছে।তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিয়াইলেন্ডার ক্যাপিটালের বিশ্লেষক লানাং ত্রিজারদিনের মতে, ‘ইন্দোনেশিয়া এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও চিত্তাকর্ষক গন্তব্য। ২০০৯ সালের মাঝামাঝি থেকে বিদেশি বিনিয়োগকারীরা এদিকে ব্যাপকভাবে ঝুঁকতে আরম্ভ করেছে। আমরা দেখছি যে এখানে প্রচুর নগদ অর্থ আসছে, যার বড় অংশই ধাবিত হচ্ছে পুঁজিবাজারে ও বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে।’তার মানে এই নয় যে দেশটিতে কোনো সংকট নেই। দুর্নীতি দমনে খানিকটা অগ্রগতি হলেও বিভিন্ন নিয়মকানুনের জটিলতা ও শ্রম আইন নিয়ে বিনিয়োগকারীদের যথেষ্ট অভিযোগ আছে। নিয়োগপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীকে সহজে ছাঁটাই করা যায় না। ১৯৯৭ সালের এশীয় আর্থিক সংকটের পর থেকে তেমন একটা অবকাঠামো গড়ে ওঠেনি। আছে বিদ্যুতের ঘাটতি। শিক্ষা ক্ষেত্রে মৌলিক সাক্ষরতা অর্জনে বড় সাফল্য থাকলেও উচ্চতর শিক্ষাব্যবস্থায় সনাতনী প্রথা বিদ্যমান।সর্বোপরি ১৯৯৮ সালে সুহার্তোর স্বৈরশাসনের অবসান হওয়ার পরও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিশেষত ইসলামি জঙ্গিদের তৎপরতা দেশটির জন্য নতুন হুমকি তৈরি করে। তারপর ইন্দোনেশিয়া এখন যথেষ্ট স্থিতিশীল। দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। পাম, তেল, তামা ও কাঠের মতো পণ্যগুলোর ব্যাপক চাহিদা রয়েছে চীনে।বর্তমান প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োদোইয়োনো ২০০৯ সালে পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। এবার তিনি স্থানীয় সরকারকে অধিকতর শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন। প্রথম মেয়াদে তিনি দুর্নীতি দমন ও ঋণের বোঝা লাঘবের কাজে অনেকটাই সফলতা পেয়েছেন।অবশ্য উন্নত বিশ্বের বাজার যখন মন্দাচ্ছন্ন, তখন ইন্দোনেশিয়া তুলনামূলকভাবে একটু বেশিই আকর্ষণীয় বলে প্রতীয়মান হচ্ছে। স্বল্পঋণ, উচ্চ প্রবৃদ্ধি ও আশাবাদী অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের চেয়ে দেশটিকে এখন একটু এগিয়েই রাখছে।দেশটির প্রবৃদ্ধি ধরে রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট ভোক্তাগোষ্ঠী বড় ভূমিকা রাখছে। বিশ্ব মন্দার পরিপ্রেক্ষিতে সরকারের উদ্দীপনামূলক কর্মসূচি, আড়াই কোটির মতো অপেক্ষাকৃত তরুণ জনগোষ্ঠী এবং গরিব মানুষের নগদ অর্থ স্থানান্তর ব্যবস্থা ইন্দোনেশিয়ার ভোগব্যয় সচল রাখতে সহায়ক হয়েছে। রাজধানী জাকার্তায় বড় বড় বিপণিবিতান আর ক্রমবর্ধিষ্ণু যানজট মধ্যবিত্তের জোরালোভাবে উঠে আসার সক্ষমতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ২০০৭ সালে রাজধানীর কেন্দ্রে গ্র্যান্ড ইন্দোনেশিয়া মল উদ্বোধন করা হয়। মলের একজন মুখপাত্র তেগেস প্রিতা সোরাইয়া বলেন, ‘আমরা এখানে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যগুলো বিক্রি করছি, যেন ইন্দোনেশীয়দের বিদেশে গিয়ে এসব কিনতে না হয়।’ তিনি আরও জানান যে বিলাসবহুল পণ্য আমদানি মন্দার সময়ও বেড়েছে।তার পরও দারিদ্র্য পরিস্থিতিকে খুব সন্তোষজনক মনে করেন না অনেকেই। দৈনিক আয় এক ডলার মানদণ্ড ধরে হিসাব করলে দেশটির ১৫ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। তবে যদি ১ দশমিক ২৫ ডলার ধরে হিসাব করা হয়, তাহলে এই হার আরও বাড়ে। শ্রমঘন শিল্পের প্রবৃদ্ধি তেমন জোরালো নয় বলেই দেশটির বেকারত্বের হার এখন ৭ শতাংশের ওপর। সরকার অবশ্য শিল্প খাতে বেশি করে বিদেশি বিনিয়োগ আশা করছে। ২০১৫ সালের মধ্যে বার্ষিক বিদেশি বিনিয়োগ প্রবাহ তিন হাজার কোটি ডলার থেকে চার হাজার কোটি ডলারে উন্নীত করতে আগ্রহী সরকার। বার্ষিক ৬৫ হাজার কোটি ডলারের অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে এই আয়তনকে বাড়িয়ে এক লাখ কোটি ডলারে নিয়ে যেতে চায়। এটা অসম্ভব বা অবাস্তব কোনো স্বপ্ন নয় বলে মনে করেন দেশটির নীতিনির্ধারকেরা। তবে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের চাই প্রচুর বিদেশি বিনিয়োগ। ইন্দোনেশিয়ায় যা বিদেশি বিনিয়োগ তার বড় অংশই এসেছে আসিয়ানভুক্ত দেশগুলো থেকে। এর বাইরে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপ থেকেও বিনিয়োগ আসছে। বিনিয়োগকারীরা অবকাঠামোতে আগ্রহ দেখানোয় জমি অধিগ্রহণের আইন সহজ করছে দেশটির সরকার। সম্প্রতি স্বাস্থ্যসেবা, নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের জন্য নিয়মকানুন শিথিল করা হয়েছে। পাশাপাশি ফাটকা বিনিয়োগ বা ‘উষ্ণ’ অর্থের প্রবাহকে কাজে লাগানোর জন্য সরকারি বন্ডের নিয়মকানুনে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেন বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিন অর্থ দেশের ভেতরে রাখতে বাধ্য হন। শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে এখন তুলনামূলকভাবে শ্রমিকের নিম্ন মজুরি কাজে দিচ্ছে বলে জানান দেশটির বিনিয়োগ বোর্ডের প্রধান গীতা উইরজাওয়ান। তিনি বলেন, ‘তাইওয়ানি, কোরীয় ও জাপানিরা চীন এবং ভিয়েতনামে যেসব শিল্পকারখানা স্থাপন করেছিলেন, এখন তা এখানে স্থানান্তর শুরু করেছেন।’আর এসব কিছু মিলিয়ে আশাবাদী ব্যক্তিরা বলছেন যে ইন্দোনেশিয়ার জন্য আবার সময় এসেছে।