চীন-ভারতের ভোক্তারা ২০২০ সালে তিন গুণ বেশি ব্যয় করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ও ভারতের ভোক্তারা ২০২০ সালে এসে বছরে প্রায় ১০ লাখ কোটি ডলার (১০ ট্রিলিয়ন) ব্যয় করবে। এটি তাদের ২০১০ সালের ভোগব্যয়ের প্রায় তিন গুণ।বিপণনবিষয়ক আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শক-প্রতিষ্ঠান বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) এই পর্যবেক্ষণ প্রকাশ করেছে।দ্য টেন ট্রিলিয়ন প্রাইজ: ক্যাপটিভিং নিউলি অ্যাফুলেয়ন্ট ইন চায়না অ্যান্ড ইন্ডিয়া শিরোনামে বিসিজির সদ্য প্রকাশিত গ্রন্থে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, এই দুই দেশের মধ্যবিত্ত মানুষই হবে ভোক্তাশ্রেণীর মূল চালিকা।এতে আরও বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সাল সময়ের মধ্যে চীন ও ভারতের ভোক্তারা সমন্বিতভাবে ৬৪ লাখ কোটি ডলার ব্যয় করবে পণ্য ও সেবা ক্রয়ের জন্য। এর ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে নতুন ঢেউ আসবে।বইটিতে বলা হয়েছে, ২০২০ সালে দুই দেশের মধ্যবিত্ত মানুষের সংখ্যা দাঁড়াবে ১০০ কোটি। এর মধ্যে ভারতের মধ্যবিত্ত ২০১০ সালে দেশটির মোট জনগোষ্ঠীর ২৮ শতাংশ থেকে ২০২০ সালে মোট জনগোষ্ঠীর ৪৫ শতাংশে উন্নীত হবে।বইটির যুগ্ম লেখক ও বিসিজির অন্যতম অংশীদার মিশেল জে সিলভারস্টেইন বলেন, ‘আমরা এখন ইতিহাসের একটি বাঁকে রয়েছি। বিশ্বের তুলনামূলক সম্পদ পশ্চিম থেকে ক্রমান্বয়ে চীন ও ভারতে স্থানান্তরিত হচ্ছে।’সিলভারস্টেইন আরও বলেন, পশ্চিমা বিশ্বের ব্যবসায়ী ও সাধারণ মানুষ, যাঁরা এই পরিস্থিতি থেকে সুবিধা নিতে চান, তাঁদের এখনই সক্রিয় হতে হবে। বইটির অন্য লেখকেরা হলেন অভীক সিং, কার্লো লিয়াও ও ডেভিড মিশেল। সূত্র: বিজনেস লাইন।