চীন-ভারতের মধ্যকার পারস্পরিক সম্পর্কের ওপরই নির্ভর করছে নতুন শতকে এশীয় অঞ্চলের উন্নয়ন। তাই অগ্রযাত্রা বা উন্নয়নের নীতি গ্রহণের ক্ষেত্রে এই দুই দেশের দিকে লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে বিনিয়োগ ও প্রবৃদ্ধির চাকা সচল রাখতে হলে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন থেকে এমন সুপারিশই উঠে এসেছে।
সম্মেলনের সমাপনী দিনে গতকাল রোববার সন্ধ্যায় আইসিসি বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়। সম্মেলনে বিভিন্ন কার্য-অধিবেশনের আলোচনার ভিত্তিতে এসব সুপারিশ তৈরি করা হয়। সংবাদ সম্মেলনে সেসব বিষয় তুলে ধরেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিসিবির সহ–সভাপতি এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লতিফুর রহমান, আইসিসি বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার রফিক-উল হক, সম্মেলনের প্রধান সমন্বয়ক আসিফ ইব্রাহীম প্রমুখ।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগের কোনো বিকল্প নেই। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
মাহবুবুর রহমান বলেন, উন্নয়নের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলা হয়েছে। যেখানে যেকোনো রাজনৈতিক নীতিনির্ধারণে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। গরিব মানুষকে উন্নয়নের সহযোগী করতে হবে।
লতিফুর রহমান বলেন, এবারের সম্মেলনে নতুন কিছু চিন্তাভাবনা বা মতামত উঠে এসেছে। এসব মতামতকে উন্নয়ন বা অগ্রযাত্রার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নীতিনির্ধারকেরা কতটা কাজে লাগাবেন তার ওপরই নির্ভর করছে সম্মেলনের সফলতা।
চীনের নেতৃত্বে গঠিত এশিয়া অবকাঠামো উন্নয়ন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে বাংলাদেশের যোগদানকে স্বাগত জানিয়েছে আইসিসিবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। যার মধ্যে বিভিন্ন কার্য-অধিবেশনে বক্তা ছিলেন ৪০ জন।