চীন যে সুযোগ পেয়েছে বাংলাদেশ তা পাবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বস্ত্র ও পোশাক কারখানায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে বাংলাদেশেও। তাতে শ্রমিকের প্রয়োজন কমছে। ময়মনসিংহের ভালুকার একটি কারখানা থেকে তোলা ছবি l প্রথম আলো
বস্ত্র ও পোশাক কারখানায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে বাংলাদেশেও। তাতে শ্রমিকের প্রয়োজন কমছে। ময়মনসিংহের ভালুকার একটি কারখানা থেকে তোলা ছবি l প্রথম আলো

প্রযুক্তির কারণে তৈরি পোশাক, চামড়ার মতো শ্রমঘন শিল্পে মানুষের প্রয়োজন দিন দিন কমছে

চীনের জিনজিয়াং প্রদেশে ২৪০ কোটি টাকা খরচে দেড় কোটি বর্গফুটের একটি পোশাক কারখানা তৈরি করেছে জিনশেং গ্রুপ। এই কারখানাটি যুক্তরাষ্ট্রের ১০২ তলা উচ্চতার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে পাঁচ গুণ বড়। এত বড় একটি কারখানা পরিচালনায় প্রতি পালায় মাত্র কয়েক শ শ্রমিকের প্রয়োজন হয়। সঙ্গে থাকেন কিছু বিশেষজ্ঞ প্রকৌশলী। বিশাল এ কারখানাটি চলে মূলত আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে, যেখানে শ্রমিকের হাতের ব্যবহার খুবই কম।

আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলছে, চীন, কোরিয়ার মতো দেশগুলোতে এ ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রনির্ভর কারখানার সংখ্যা যত বাড়বে, ততই দুশ্চিন্তা বাড়বে বাংলাদেশের মতো দেশগুলোর। কারণ, ওই সব দেশে শ্রমের মজুরি বেড়ে যাওয়ায় কারখানা স্থানান্তরিত হয়ে বাংলাদেশের মতো দেশে আসার কথা ছিল। কিন্তু এখন শ্রমিকের ব্যবহার কমিয়ে ফেলায় কারখানা সরিয়ে সস্তা শ্রমের দেশে নেওয়ার প্রয়োজনই ফুরিয়ে যাচ্ছে।

বিষয়টি বাংলাদেশের জন্য আরও কয়েকটি কারণে বড় দুশ্চিন্তার বিষয় হতে পারে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে। এর একটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া যেভাবে শ্রমঘন শিল্পের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, সে পদ্ধতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া কঠিন হবে। এর কারণ হচ্ছে প্রযুক্তির অব্যাহত উন্নতি। প্রযুক্তির কারণে তৈরি পোশাক, চামড়ার মতো শ্রমঘন শিল্পে মানুষের প্রয়োজন দিন দিন কমছে।

প্রতিবেদনে প্রযুক্তির উন্নতির কারণে আরেকটি ঝুঁকির বিষয়ও উঠে এসেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্ববাজারে বাংলাদেশ এখন যেসব তৈরি পোশাক রপ্তানি করে, সেগুলো অপেক্ষাকৃত কম দামের। সস্তা শ্রম ও শ্রমিকের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এ ক্ষেত্রে বাংলাদেশ এত দিন ভালো করেছে। কিন্তু বাংলাদেশ এখন যে ধরনের পোশাক তৈরি করছে, সেগুলো যন্ত্রের মাধ্যমে আরও কম খরচে উৎপাদন করার প্রক্রিয়া খুঁজে পেয়েছে চীন। এসব শিল্পকে কাজে লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে যেভাবে চীন, জাপান, কোরিয়া দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, সেটি আর সম্ভব হবে না।

বিষয়টির ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে চীন, কোরিয়া যে অবস্থানে ছিল, এখন বাংলাদেশ, কম্বোডিয়া, মিয়ানমার ঠিক একই পর্যায়ে আছে। ওয়ালমার্ট, টেসকোর মতো কম দামের পোশাক ক্রেতা ব্র্যান্ডগুলো মূলত এখন এসব দেশ থেকে পোশাক কেনে। এসব ব্র্যান্ডের চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশের মতো দেশে তৈরি পোশাক ও চামড়ার মতো শিল্প গড়ে উঠেছে। এসব শিল্পের মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে। কিন্তু এ পর্যায় থেকে বেরিয়ে ইস্পাত, মোটরগাড়ি, কম্পিউটারের মতো উচ্চপ্রযুক্তির শিল্পে যাওয়ার সক্ষমতা এসব দেশের এখনো তৈরি হয়নি।

জিনশেং গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী প্যান জুয়েপিং বলেন, তৈরি পোশাক উৎপাদন এত দিন একটি শ্রমঘন শিল্প ছিল। কিন্তু এখন এ ক্ষেত্রে একটি পরিবর্তনের সময় এসেছে। শ্রমিকের উপস্থিতি ছাড়াই কারখানা চালানো এখন অবাস্তব কোনো চিন্তা নয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক পূর্বাভাসে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তির ঝুঁকির এ বিষয়টি উঠে এসেছে। আইএলও বলছে, উচ্চপ্রযুক্তির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার তৈরি পোশাক খাতের ৮০ শতাংশ শ্রমিকের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যেসব শ্রমিকের কর্মদক্ষতা কম, তাঁদের ঝুঁকি আরও বেশি।

চীনের জনমিতিবিদ কাই ফ্যাং বিষয়টি নিয়ে বলেন, উন্নয়নশীল দেশের জন্য সুযোগ কমে আসছে। যে সুবিধা চীন আগে পেয়ে এসেছে, সেটি এখন উন্নয়নশীল দেশের জন্য ভোগ করা কঠিন।

চীনের ট্রানজিট লাগেজ কোম্পানি নামের একটি চামড়ার স্যুটকেস উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদাহরণও প্রতিবেদনে উঠে এসেছে। শ্রমিকের উচ্চ খরচ কমাতে প্রতিষ্ঠানটি যন্ত্রনির্ভর উৎপাদনব্যবস্থায় চলে যায়। ফলে প্রতিষ্ঠানটির উৎপাদনক্ষমতা আগের চেয়ে তিন গুণ বেড়েছে। ট্রানজিট লাগেজ কোম্পানির এ সিদ্ধান্তে ভিয়েতনাম একটি সম্ভাব্য বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। প্রযুক্তির ক্রমাগত উন্নতি একইভাবে বাংলাদেশকেও আগামী দিনে সম্ভাব্য বিনিয়োগ থেকে বঞ্চিত করবে।

যন্ত্রনির্ভর উৎপাদনব্যবস্থা চীনের পাশাপাশি ইউরোপের দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এত দিন উচ্চ শ্রমিক মূল্যের জন্য পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশগুলো চীনের সঙ্গে পেরে ওঠেনি। ইতিমধ্যে এ ধারা বদলাতে শুরু করেছে।