চীনকে আরও বিনিয়োগের আহ্বান ডিসিসিআইয়ের
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি কমাতে সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বাংলাদেশ সফররত চীনের ইউনান প্রদেশের ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের ১৪ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ। এ সভাটি গত সোমবার ডিসিসিআইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার সংগঠনটি জানায়, চীনের ইউনান প্রদেশের ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের সভাপতি ইউ ডিংচেং প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
হোসেন খালেদ বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে চীনের ব্যবসায়ীদের ব্যবসায়িক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
চীনের প্রতিনিধিদলের নেতা ইউ ডিংচেং বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। চীনের ব্যবসায়ীরা ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং ভবিষ্যতে বিনিয়োগের এ ধারা অব্যাহত থাকবে।