যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডসহ বিভিন্ন ধরনের সরকারি ঋণপত্র ক্রয়ের ক্ষেত্রে জাপান এখন শীর্ষে।গত বছর ডিসেম্বর মাসে চীন আমেরিকার সরকারি ঋণপত্রে তাদের বিনিয়োগ তিন হাজার ৪২০ কোটি ডলার কমিয়ে দেওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। খবর সিনহুয়ার।যুক্তরাষ্ট্রের সরকারি ঋণপত্রে বিনিয়োগ করার মানে হলো যুক্তরাষ্ট্র সরকারকে ঋণ প্রদান করা। বিপুল পরিমাণ চলতি হিসাবের ঘাটতি অর্থায়ন করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন মেয়াদি ঋণপত্র বিভিন্ন দেশের কাছে বিক্রি করে। মেয়াদ শেষে নির্ধারিত সুদসহ আসল প্রদান করে তা ফেরত নেওয়া হয়।যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশ করা পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বছর ডিসেম্বর মাসে তাদের সরকারি ঋণপত্রে বিনিয়োগ পাঁচ হাজার ৩০০ কোটি ডলার কমে গেছে। এর মধ্যে বিভিন্ন সরকার বা কেন্দ্রীয় ব্যাংক তাদের কাছে থাকা পাঁচ হাজার ২৩০ কোটি ডলারের ঋণপত্র ছেড়ে দিয়েছে বা ফেরত দিয়েছে। বাকি ৭০ কোটি ডলারের ঋণপত্র ফেরত দিয়েছে বেসরকারি বিনিয়োগকারীরা।এতে আরও দেখা যায়, চীন বিনিয়োগ কমিয়ে দিলেও জাপান ও ব্রিটেন বাড়িয়েছে। জাপান এক হাজার ১৫০ কোটি ডলার নতুনভাবে বিনিয়োগ করায় যুক্তরাষ্ট্রের সরকারি ঋণপত্রে দেশটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৮০ কোটি ডলার। একই সময় চীনের মোট বিনিয়োগ ৭৫ হাজার ৫৪০ কোটি ডলার।অন্যদিকে ডিসেম্বর মাসে ব্রিটেন যুক্তরাষ্ট্রের সরকারি ঋণপত্রে মোট বিনিয়োগ ২৭ হাজার ৭৬০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার ২৫০ কোটি ডলারে উন্নীত করেছে। ব্রাজিলও যুক্তরাষ্ট্রের ঋণপত্র ক্রয় বাড়িয়েছে। নভেম্বর মাসে তাদের মোট বিনিয়োগ ছিল ১৫ হাজার ৭১০ কোটি ডলার। ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬০ কোটি ডলার। বিশ্লেষকেরা অবশ্য বলছেন, সরকারি ঋণপত্র বিক্রি যদি কমে যায়, তাহলে বুঝতে হবে বিভিন্ন দেশের আগ্রহ কমে যাচ্ছে বা তারা এই ঋণপত্রকে আগের মতো আকর্ষণীয় মনে করছে না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার ঋণপত্রের জন্য প্রদেয় সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে। কিন্তু সুদের হার বৃদ্ধি আবার আমেরিকার ভবিষ্যত্ দেনার ভার বাড়িয়ে দেবে।তবে সুদের হার কম হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। সে কারণে বিভিন্ন দেশ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই বন্ডে বিনিয়োগ করে থাকে।