চীনকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। চীনের একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান ঢাকা চেম্বারের নেতারা।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের চেংগং নিউ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির উপনির্বাহী পরিচালক লি রংহাউয়ের নেতৃত্বে ছয় সদস্যের ওই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে।
চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে ডিসিসিআইয়ের সহসভাপতি খ. আতিক-ই-রাব্বানী বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত অত্যন্ত সম্ভাবনাময়। প্রতিবছর বিপুল পরিমাণ বাংলাদেশি তরুণ ও দক্ষ শিক্ষার্থীরা এ খাতে নিয়োজিত হচ্ছে। চীন ও বাংলাদেশের উদ্যোক্তারা যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তি বিনিয়োগ করতে পারেন।
আতিক-ই-রাব্বানী দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে সরাসরি রেল ও সড়কপথে যোগাযোগ স্থাপনের তাগিদ দেন।
লি রংহাউ বলেন, এ অঞ্চলের সঙ্গে বাণিজ্য বাড়াতে চীন সরকার ‘ওয়ান ওয়ে-ওয়ান বেল্ট’ নামের একটি কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় চীনের কুনমিং শহরটি হবে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র।
চেংগং ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জু লিসু বলেন, ভৌগোলিক দিক থেকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থান করছে। চীনের উদ্যোক্তারা বাংলাদেশের কৃষি খাতের প্রযুক্তিগত উন্নয়ন ও বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।
ডিসিসিআইর পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, আসিফ এ চৌধুরী, মো. আলাউদ্দিন মালিক ও রিয়াদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।