চীনকে বিনিয়োগে সহযোগিতা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ১৭টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তোলার কাজ হাতে নিয়েছে সরকার। এসব স্থানে চীনের জন্যও বিনিয়োগের সুযোগ থাকবে। দেশটিকে সব ধরনের সহযোগিতা দেবে সরকার।
ঢাকার দিলকুশায় বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিই) কার্যালয় উদ্বোধন করতে গিয়ে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেছেন। তিনি বলেন, চীন এ দেশে ব্যাপক বিনিয়োগে আগ্রহী। এ সুযোগ কাজে লাগাতে হবে। এ দেশে অনেক শিল্প-কলকারখানা পুনঃস্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের যেকোনো বিনিয়োগকে স্বাগত জানানো হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুন্সিগঞ্জের বাউশিয়ায় শিল্পপার্ক নির্মাণ, পূর্বাচলে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্যাম্পাস নির্মাণ, কর্ণফুলী টানেল নির্মাণসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে চীন বিনিয়োগ করছে। সরকার বিনিয়োগকারীদের চাহিদামতো সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
বাংলাদেশ-চীন চেম্বারের সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়ান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বিসিসিসিইয়ের প্রধান উপদেষ্টা দিলীপ বড়ুয়া, বিসিসিসিইয়ের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা প্রমুখ বক্তব্য দেন।