চীনের মোট ঋণের পরিমাণ বেড়ে তাদের অর্থনীতির আকার তথা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আড়াই গুণ হয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোতেও অবশ্য রাষ্ট্রের ঋণের পরিমাণ তাদের জিডিপিকে ছাড়িয়ে গেছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিতে গত জুন মাসে মোট ঋণের পরিমাণ বেড়ে জিডিপির ২৫১ শতাংশে উঠেছে; যা ২০০৮ সালের তুলনায় ১৪৭ শতাংশ বেশি। যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে তাদের জিডিপি ২৬০ শতাংশে উন্নীত হয়েছে। আর তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে এই হার আরও বেশি, ৪১৫ শতাংশ।
এ ছাড়া স্পেনের ঋণের পরিমাণ জিডিপির প্রায় ৩০০ শতাংশে উঠেছে। এই হার হংকংয়ে প্রায় ৩০০ শতাংশের কাছাকাছি, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ফ্রান্স ও ইতালিতে আড়াই শ শতাংশের বেশি। কিন্তু মর্যাদার দিক থেকে চীন এখনো উদীয়মান পর্যায়ে থাকায় দেশটির জন্য ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব করা চীনের এই ঋণের পরিমাণ সঠিক বলে মনে করেন কোনো কোনো অর্থনীতিবিদ। এতে চীন সরকারের নেওয়া ঋণের একটি সাধারণ প্রবণতা প্রকাশ পেয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্যাভেকাল ড্রাগোনোমিকসের চৈনিক অর্থনীতিবিদ চেন লং বলেন, উদীয়মান অর্থনীতি হিসেবে চীনের মোট ঋণের পরিমাণ বেড়ে খুবই উচ্চপর্যায়ে উঠে গেছে। সাধারণত অল্প কিছু দেশে এমনটি দেখা যায়; যাদের আয় খুব বেশি হয়। কিন্তু চীন ধনী হওয়ার আগেই বড় অঙ্কের ঋণভারে জর্জরিত হয়ে পড়েছে।
চীনা নীতিনির্ধারকেরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছেন যে ঋণ গ্রহণের ওপর নির্ভরতা ক্রমাগত বাড়তে থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন টেকসই হয় না; বরং সম্পদের মারাত্মক অপবরাদ্দ হয়। যে কারণে চীনে ব্যাপক হারে অ্যাপার্টমেন্টের জঙ্গল তৈরি হয়েছে এবং সেগুলো খালি পড়ে আছে। একইভাবে দেশটিতে সৌরবিদ্যুতের প্যানেল থেকে শুরু করে সিমেন্ট, ইস্পাতসহ প্রায় সব খাতেই চাহিদার তুলনায় মাত্রাতিরিক্ত উৎপাদন সক্ষমতা লক্ষ করা যাচ্ছে।
বৈশ্বিক অর্থনীতিতে ২০০৮ সালে শুরু হওয়া সংকট-মন্দার কারণে মুখ থুবড়ে পড়া অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দেশটি সাফল্যের সঙ্গে চাঙা করে তুললেও ঋণের বোঝা কমাতে পারেনি; বরং তা বেড়ে এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
ঋণের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়াটা চীনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত ছয় মাসেই ঋণের পরিমাণ ১৭ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। তখন অর্থাৎ ২০১৩ সালের শেষে দেশটির ঋণের পরিমাণ ছিল জিডিপির ২৩৪ শতাংশ।
চীনা সরকার বর্ধিত হারে ঋণ নেওয়া থেকে বিরত থাকার চেয়ে অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু আঞ্চলিক রিয়েল এস্টেট মার্কেট বা আবাসনের বাজারে মন্দার কারণে প্রবৃদ্ধি অর্জন কঠিন হয়ে পড়ছে।
জুন মাসের শেষে চীনের ঋণ নেওয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার; যা বাংলাদেশের প্রায় ২৫ লাখ কোটি টাকার সমান। দেশটির এই ঋণ গত মার্চের পরে সর্বোচ্চ এবং আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
চীন সরকার কয়েক মাস বাধ্যতামূলকভাবে ঋণ সংকোচনের নীতি মেনে চলে। কিন্তু এর পরে আবার জুনে এসে তথাকথিত শ্যাডো ব্যাংকিং বা ছায়া ব্যাংকিং খাত থেকে রাষ্ট্রের ঋণ গ্রহণের পরিমাণ বেড়ে যায়।
চীনে স্ট্যানচার্টের প্রধান অর্থনীতিবিদ স্টিফেন গ্রিন বলেন, ‘সার্বিকভাবে ঋণ প্রবৃদ্ধি অব্যাহতভাবে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই প্রবণতা টানা চলতে পারে না।’
দেশটি সাধারণত অভ্যন্তরীণ উৎস থেকেই ঋণ নিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি উৎস থেকে চীনের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে তা এখনো অবশ্য জিডিপির ১০ শতাংশের নিচে রয়েছে।
চীনের আর্থিক ও করপোরেট খাতের অধিকাংশ প্রতিষ্ঠান এখনো রাষ্ট্রের মালিকানাধীন।
তবে নতুনভাবে নেওয়া ঋণের একটি উল্লেখযোগ্য অংশ চলে যায় পুরোনো ঋণ পরিশোধে। ঋণ গ্রহণের এই ধারা উচ্চ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনাকে কঠিনতর করে তুলেছে।
রাষ্ট্রের কাঁধে ঋণের দায় জোরালো হওয়ার বিপরীতে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমেছে। যেমন- ২০০৭ যেখানে দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছিল ১৪ দশমিক ২ শতাংশ, সেখানে তা কমে চলতি বছরে ৭ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস